দুর্যোগের ঝুঁকি কমাতে দুর্বল ডিএনসিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্যোগের ঝুঁকি কমাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৬টি ওয়ার্ডেরই রয়েছে নানান দুর্বলতা। আপত্কালীন ব্যবস্থাপনা না থাকা, প্রাতিষ্ঠানিক সমন্বয়হীনতা, আগাম সতর্ক ব্যবস্থা না থাকা, দুর্যোগের মহড়া অনুষ্ঠিত না হওয়া এবং সুশাসনের অভাব রয়েছে ওয়ার্ডগুলোতে।
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও সিডস এশিয়া পরিচালিত এক সমীক্ষায় এসব তথ্য তুলে ধরা হয়েছে। ‘বাংলাদেশের শহরাঞ্চলে সমাজভিত্তিক দুর্যোগের ঝুঁকি হ্রাসে সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক কর্মসূচির আওতায় ডিএনসিসি এলাকার দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনার সক্ষমতা পরিস্থিতি নিয়ে সমীক্ষাটি করা হয়। গত মাসে সমীক্ষাটি প্রকাশিত হয়েছে।
২০১৬ সালের জুন থেকে আগস্ট মাস পর্যন্ত ডিএনসিসির ৩৬টি ওয়ার্ডে জরিপ চালায়। প্রশ্নোত্তরের মাধ্যমে পরিচালিত জরিপে অংশ নেন জনপ্রতিনিধি, সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। পাঁচটি সূচকের মাধ্যমে শহরের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনার সক্ষমতা দেখানো হয়েছে। এগুলো হলো প্রাকৃতিক, সামাজিক, প্রাতিষ্ঠানিক, অবকাঠামোগত ও অর্থনৈতিক।
ঝুঁকি ব্যবস্থাপনার সক্ষমতা সূচকের সর্বোচ্চ মান ৫, তবে এর মান ৪-এর ওপরে হলে তা উচ্চমানসম্পন্ন বলে বিবেচিত হয়। সমীক্ষা অনুযায়ী ডিএনসিসি এলাকার দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনার সার্বিক সক্ষমতার মান ২ দশমিক ৫২। এর আগে ২০১০ সালে একবার অবিভক্ত ঢাকার দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনার সক্ষমতা যাচাই করা হয়েছিল। সে সময় সক্ষমতা ছিল ২ দশমিক ৩৫।
দুর্যোগের ঝুঁকি ব্যবস্থাপনার প্রাকৃতিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক সূচকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আরও অবনতি হয়েছে। ঝুঁকি ব্যবস্থাপনায় ডিএনসিসি অবকাঠামোগত দিক থেকে মোটামুটি সক্ষম হলেও প্রাতিষ্ঠানিকভাবে একেবারেই দুর্বল।
সমীক্ষায় ডিএনসিসির প্রতিটি ওয়ার্ড ও অঞ্চলের সক্ষমতা পৃথকভাবে দেখানো হয়েছে। সমীক্ষা অনুযায়ী, ডিএনসিসির ওয়ার্ডগুলোর মধ্যে দুর্যোগের ঝুঁকি কমাতে সবচেয়ে খারাপ অবস্থা ১৬ নম্বর ওয়ার্ডের। সমীক্ষায় বলা হয়, এই এলাকায় দরিদ্র লোকজনের বসবাস বেশি। ওয়ার্ডের অর্থনৈতিক সক্ষমতা একেবারেই কম। দুর্যোগ বিষয়ে সচেতনতা এবং সুশাসনের দিক থেকে বেশ পিছিয়ে রয়েছে ওয়ার্ডটি।
প্রায় একই অবস্থা ডিএনসিসির ১৫ নম্বর ওয়ার্ডের। ভাষানটেক, আলবদীর টেক, দামালকোট, মাটিকাটা, মানিকদী ও বালুঘাট এলাকা নিয়ে ওয়ার্ডটি গঠিত। দুর্যোগের পরে পুনরায় ঘরবাড়ি নির্মাণ ও জীবনধারণ শুরুর ক্ষেত্রে কোনো অর্থনৈতিক সহায়তার ব্যবস্থা ওয়ার্ডে নেই।
অবকাঠামোগত সূচকটি নির্ধারণ করা হয়েছে আবাসন ও ভূমি ব্যবহার, সড়কে অভিগম্যতা, বিদ্যুৎ সরবরাহ, পয়োনিষ্কাশন ব্যবস্থা, স্যানিটেশন ও কঠিন বর্জ্য অপসারণ ব্যবস্থা কেমন সেটার ওপর ভিত্তি করে। এই মানদণ্ডে সবচেয়ে এগিয়ে ডিএনসিসির ১ নম্বর অঞ্চল।
ডিএনসিসির ১ ও ১৭ নম্বর ওয়ার্ড নিয়ে অঞ্চল-১ গঠিত। উত্তরার বিভিন্ন সেক্টর, খিলক্ষেত, বিমানবন্দর এলাকা এসব ওয়ার্ডের অন্তর্ভুক্ত। উত্তরা অঞ্চলের দুর্যোগ সক্ষমতা বেশি হওয়ার কারণ হিসেবে এলাকার বিদ্যুৎ, পানি ও পয়োনিষ্কাশন সুবিধা, প্রশস্ত সড়ক এবং বাসিন্দাদের সচেতনতাকে তুলে ধরা হয়েছে।
এ বিষয়ে ডিএনসিসির পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে তত্ত্বাবধায়ক প্রকৌশলী তারিক বিন ইউসুফ প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে দুর্যোগের ঝুঁকি কমাতে ডিএনসিসির পাঁচটি ওয়ার্ডের কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে। পাঁচ অঞ্চলের প্রতিটি থেকে একটি করে ওয়ার্ড ঠিক করা হয়েছে। ওয়ার্ডের বাসিন্দাদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
জনগণকে সচেতন করার অংশ হিসেবে গত ৯ ফেব্রুয়ারি ডিএনসিসির ১৭ নম্বর ওয়ার্ডের জোয়ার সাহারা এলাকার অলিপাড়ায় আয়োজন করা হয় ‘টাউন ওয়াচিং’ বা ‘নগর দেখা’ কার্যক্রম। ঝুঁকিমুক্ত নগর নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগের ঝুঁকি হ্রাসে স্থানীয় ব্যক্তিদের সচেতন করতে এই কার্যক্রম নেওয়া হয়। কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় বাসিন্দারা কয়েকটি দলে ভাগ হয়ে নিজেদের এলাকা ঘোরেন। এলাকার ঝুঁকিপূর্ণ স্থাপনা ও বিপজ্জনক স্থানগুলো চিহ্নিত করেন। খোলা জায়গা আর পানির উৎসগুলোও চিহ্নিত করেন, যাতে কোনো দুর্যোগে স্থানীয় ব্যক্তিরা চারদিকে ছোটাছুটি না করে এক জায়গায় নিরাপদে জড়ো হতে পারেন।