দুর্যোগের সময় নারী-শিশুর নিরাপত্তার দিকে দৃষ্টি দেওয়ার তাগিদ
দুর্যোগের সময় ত্রাণ নিয়ে যতটা তৎপরতা দেখা যায়, সে তুলনায় নারী ও শিশুর নিরাপত্তার বিষয়টি উপেক্ষিত থাকে। এ সময় ত্রাণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি নারী ও শিশুর নিরাপত্তার বিষয়টি সতর্কতার সঙ্গে লক্ষ রাখতে হবে।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জেন্ডার বেইসড ভায়োলেন্স ক্লাস্টার’ প্রতিষ্ঠা শীর্ষক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। মহিলা ও শিশু-বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। মানবিক দুর্যোগে সহিংসতা রোধে ক্লাস্টার (গুচ্ছ) পদ্ধতিতে যৌথভাবে কাজ করবে সরকার-জাতিসংঘ।
অনুষ্ঠানের বিশেষ অতিথি মহিলা অধিদপ্তরের মহাপরিচালক শাহীন আহমেদ চৌধুরী বলেন, সরকার দেশের ভেতর নারী-পুরুষের গৎবাঁধা সামাজিক সম্পর্কের ধারণার কারণে সংগঠিত সহিংসতা রোধে কাজ করবে।
জাতিসংঘের জনসংখ্যা-বিষয়ক তহবিলের (ইউএনএফপিএ) এদেশীয় প্রতিনিধি আর্জেন্টিনা মাতাভেল পিচিন তাঁর বক্তব্যে বলেন, যেকোনো মানবিক বিপর্যয়ে শিশু ও নারীদের সংকটাপন্ন অবস্থা থাকে, যা উপেক্ষা করা হয়। যখন কোনো বিপর্যয় ঘটে, তখন প্রথমেই আশ্রয়, খাদ্য ও পানির ব্যবস্থা করা হয়। এতে অনেক জীবনও বাঁচে। তবে এ সময় আরও সতর্কতার সঙ্গে লক্ষ করতে হবে, শিশু ও নারীরা যাতে এসব সুবিধা বিনা ঝুঁকিতে পেতে পারে।
পিচিন বলেন, নিরাপত্তাঘাটতি ও দুর্বল সেবার কারণে মানবসৃষ্ট দুর্যোগ ও প্রাকৃতিক দুর্যোগের জরুরি মুহূর্তে শিশু ও নারীরা সবচেয়ে ঝুঁকিতে থাকে।
ইউএন উইমেনের প্রতিনিধি ক্রিস্টিন হান্টার বলেন, বাংলাদেশ বিশ্বের ষষ্ঠ দুর্যোগপ্রবণ দেশ হওয়ার কারণে যেকোনো মানবিক বিপর্যয়ে এখানকার নারী ও শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়তে পারে। এ রকম দুর্যোগপূর্ণ অবস্থায় তাদের সুরক্ষা নিশ্চিত করতে সরকারের কৌশলগত অগ্রাধিকার, প্রস্তুতি ও কার্যক্রম নিতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু-বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদা শারমিন বেণু, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক জাহানারা পারভিন, মানবিক-বিষয়ক বিশেষজ্ঞ কাজী রহমান প্রমুখ।