দুর্যোগের সময় প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিতে হবে: সায়মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অটিজম বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনার সব ক্ষেত্রে প্রতিবন্ধীদের নিরাপত্তা, অংশগ্রহণ ও ক্ষমতায়ন বিবেচনা করতে হবে। তিনি বলেছেন, প্রতিবন্ধীরা এমনিতেই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী। দুর্যোগে তারা আরও ঝুঁকিতে থাকেন। তাই তাঁদের নিরাপদ আশ্রয়দান, উদ্ধার ও পুনর্বাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

আজ বুধবার সচিবালয়ে প্রতিবন্ধীবান্ধব দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনাবিষয়ক জাতীয় টাস্কফোর্সের প্রথম সভায় সায়মা ওয়াজেদ এসব কথা বলেন।

সভায় জানানো হয়, প্রতিবন্ধীবান্ধব দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনাবিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন আগামী ডিসেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে। বিশ্বের সব দেশের প্রতিবন্ধী সংস্থাসহ বিদেশি সংস্থার অতিথিকে এ সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে টাস্কফোর্সের আহ্বায়ক সায়মা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী, টাস্কফোর্সের সদস্যসচিব দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব মো. শাহ্ কামাল, স্বাস্থ্যসচিব, স্থানীয় সরকারসচিবসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় কমিটির কাঠামো পরিবর্তন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীকে কমিটির চেয়ারম্যান এবং সায়মা হোসেনকে কমিটির প্রধান উপদেষ্টা করা হয়।

সভায় ঢাকা সম্মেলনে গৃহীত আট দফা ঘোষণা, এর কর্মপন্থা নির্ধারণ এবং অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভা শেষে সংবাদকর্মীদের ব্রিফিংকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব বলেন, দেশে ১৫ লাখের মতো প্রতিবন্ধী আছেন। এর ১০ থেকে ১৫ শতাংশ জন্মগত প্রতিবন্ধী। বাকিরা বিভিন্ন দুর্যোগের শিকার হয়ে প্রতিবন্ধী হয়েছেন। এ সংখ্যা দৃশ্যমান হারে কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, সব প্রতিবন্ধীকে কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে।