দুর্যোগ-সংঘাতে নারীর ঝুঁকি বাড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ বলছে, প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট সংঘাতের সময় নারী ও কিশোরীদের নিরাপত্তাঝুঁকি বহু গুণে বেড়ে যায়। দুর্যোগ ও সংঘাতের সময় এরা যৌন নির্যাতনের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এ সময় নারী ও কিশোরীর এইচআইভিসহ নানা যৌনরোগে আক্রান্ত হওয়ার ও অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঘটনা বাড়ে।
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি-২০১৫ প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। ‘শেল্টার ফ্রম দ্য স্ট্রম’ শীর্ষক এই প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান বিশ্বে মানবিক সহায়তা প্রয়োজন প্রায় ১০ কোটি মানুষের, এদের এক-চতুর্থাংশ ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারী ও কিশোরী।
গত বৃহস্পতিবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এ বছরের প্রতিবেদনে দুর্যোগে নারীর ঝুঁকি, প্রজনন স্বাস্থ্য ও অধিকার রক্ষার ওপর জোর দেওয়া হয়েছে।
ইউএনএফপিএর প্রতিবেদনে বলা হয়েছে, দুর্যোগ বা সংঘাতের সময় মেয়ের সম্মান রক্ষার্থে বা একটি মুখে কম খাবার তুলে দিতে হবে—এমন চিন্তা থেকে অনেক অভিভাবক মেয়েকে বিয়ে দেন। ফলে এ সময় বাল্যবিবাহের হার বেড়ে যায়। অথচ ১৯৯৪ সালে জনসংখ্যা-বিষয়ক সম্মেলনে ১৭৯টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা অঙ্গীকার করেছিলেন, কিশোরীরা যেখানেই থাকুক, তাদের অধিকার রক্ষা করা হবে।
বার্ষিক এই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত ৪২ শতাংশ মা প্রসবের সময় দক্ষ প্রসবকারীর সহায়তা পেয়েছেন। চলতি বছরে ১৫ থেকে ৪৯ বয়সী নারী জন্মনিয়ন্ত্রণের কোনো না-কোনো পদ্ধতি গ্রহণ করছেন। প্রতিবেদন বলছে, বাংলাদেশের জনসংখ্যা ১৬১ মিলিয়ন বা ১৬ কোটি ১০ লাখ। বাংলাদেশে পুরুষের চেয়ে নারীর গড় আয়ু বেশি। পুরুষের গড় আয়ু ৬৯ দশমিক ৮৫ বছর, নারীর গড় আয়ু ৭২ দশমিক ২৬ বছর। মোট জনসংখ্যার ৩০ শতাংশ তরুণ। দেশে মোট প্রজনন হার ২ দশমিক ২।
প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশে ২০১৪ সালে দ্বন্দ্ব ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে দেশের ভেতরে এক স্থান থেকে আরেক স্থানে সরে যেতে বাধ্য হয়েছে ৪ লাখ ৩১ হাজার মানুষ।
ইউএনএফপিএ বলছে, চলতি বছরে ১০ কোটি লোকের মানবিক সহায়তা প্রয়োজন হবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষেও এত মানুষের সহায়তা প্রয়োজন হয়নি।