দুর্যোগ আক্রান্ত মানুষের সঙ্গে মানবিক আচরণ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে গতকাল সেভ দ্য চিলড্রেন আয়োজিত দুর্যোগ ও জরুরি প্রস্তুতিবিষয়ক দিনব্যাপী সম্মেলনে অংশগ্রহণকারীরা l ছবি: সংগৃহীত
রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে গতকাল সেভ দ্য চিলড্রেন আয়োজিত দুর্যোগ ও জরুরি প্রস্তুতিবিষয়ক দিনব্যাপী সম্মেলনে অংশগ্রহণকারীরা l ছবি: সংগৃহীত

দুর্যোগ বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা। সঠিকভাবে দুর্যোগ ব্যবস্থাপনার জন্য বিভিন্ন কর্মসূচির সঙ্গে স্থানীয় মানুষকে যুক্ত করা জরুরি। এ ছাড়া দুর্যোগ আক্রান্ত মানুষের সঙ্গে মানবিক আচরণ করতে হবে। পাশাপাশি বাড়তি পদক্ষেপ নিতে হবে নারী ও প্রতিবন্ধীদের জন্য। বিভিন্ন সংগঠনের মধ্যে সমন্বয়ও জরুরি।
গতকাল মঙ্গলবার রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে আয়োজিত দুর্যোগ ও জরুরি প্রস্তুতিবিষয়ক কর্মসূচি শীর্ষক বাংলাদেশ জাতীয় শিক্ষণ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। অ্যাকশন অ্যাগেইনস্ট হাঙ্গারের আর্থিক সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করে সেভ দ্য চিলড্রেন।
বক্তারা আরও বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা বলতে এখনো বেশির ভাগ মানুষ ত্রাণ দেওয়া বা নেওয়া বোঝেন। পাশাপাশি তাঁদের মধ্যে ব্যবস্থাপনাবিষয়ক জ্ঞানও সীমিত। দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে যাঁরা কাজ করেন তাঁদের মনে রাখতে হবে, এটি একটি মানবিক কাজ। দুর্যোগে আক্রান্ত মানুষের নিরাপত্তা, সহযোগিতা পাওয়া মানবিক অধিকার। এ জন্য মানবিক সক্ষমতা বাড়াতে হবে।
স্বাগত বক্তব্যে সেভ দ্য চিলড্রেনের এদেশীয় প্রতিনিধি মার্ক পিয়ার্স বলেন, কোনো দুর্যোগের পরে যত দ্রুত এর পরবর্তী কার্যক্রম শুরু করা যাবে, ক্ষয়ক্ষতির পরিমাণ ততই কমবে। এ জন্য প্রশিক্ষিত জনবল দরকার।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ বলেন, ‘আমাদের সাইক্লোন বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ সামলানোর অভিজ্ঞতা আছে। কিন্তু ভূমিকম্পের বিষয়ে ধারণা কম। বিশেষজ্ঞরা রিখটার স্কেলে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হতে পারে জানিয়ে এর প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলেছেন। এ ধরনের কার্যক্রম দুর্যোগ মোকাবিলায় কার্যকর ভূমিকা পালন করবে।’
সম্মেলনে জানানো হয়, তিন বছরমেয়াদি দুর্যোগ ও জরুরি প্রস্তুতিবিষয়ক কর্মসূচির আওতায় বাংলাদেশে দুর্যোগকালীন মানবিক সক্ষমতা বৃদ্ধি এবং আঞ্চলিক পরামর্শকদের প্রথাগত ধারণা বদলাতে কাজ করা হচ্ছে। এই কর্মসূচি সংযোগ, ট্যালেন্ট ডেভেলপমেন্ট এবং শিফটিং দ্য পাওয়ার নামক তিনটি প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। এর প্রধান উদ্দেশ্য দ্রুত ও কার্যকর দুর্যোগ মোকাবিলায় দেশের মানুষকে প্রস্তুত করা।
অনুষ্ঠানে ট্যালেন্ট ডেভেলপমেন্টের প্রকল্প ব্যবস্থাপক শাহানা হায়াত তাঁর উপস্থাপনায় বলেন, দুর্যোগের সময় ঝুঁকি মূল্যায়ন খুব গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে কমিউনিটির মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দ্রুত সেবা দেওয়ার কাজটিও এতে সহজ হবে।
এই প্রকল্পে প্রশিক্ষণ নেওয়া মাহমুদ হাসান বলেন, স্থানীয় মানুষ ও সম্পদের ব্যবহার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় না করা গেলে দুর্যোগ পরবর্তী সেবা দ্রুত দেওয়া যাবে না। পাশাপাশি অনেক সমস্যার সৃষ্টি হবে।