দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ থাকতে হবে
দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ থাকতে হবে। যেকোনো দুর্যোগের পরে প্রতিবন্ধী ব্যক্তিদের লিঙ্গ, বয়সভিত্তিক তথ্য সংরক্ষণ করতে হবে। আর শুধু আইন, নীতি ও ঘোষণা থাকলেই চলবে না, সমন্বিতভাবে তা বাস্তবায়নও করতে হবে। এ ধরনের বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে ‘ঢাকা ঘোষণা’র মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনের প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন।
আজ সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে সম্মেলনের সমাপনী পর্বে ঢাকা ঘোষণাপত্র পড়ে শোনান ইন্টারন্যাশনাল ডিজঅ্যাবিলিটি কাউন্সিলের নির্বাহী সদস্য মনসুর আহমেদ চৌধুরী। সমাপনী পর্বের পর এক সংবাদ সম্মেলনে ঘোষণাপত্রের বিভিন্ন দিক তুলে ধরেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
গত শনিবার তিন দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)। এতে সহায়তা করেছে জাতীয় প্রতিবন্ধী ফোরাম এবং জাতিসংঘের ইউনাইটেড ন্যাশনস অফিস ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন (ইউএন-আইএসডিআর)।
ঢাকা ঘোষণাপত্রে বলা হয়েছে, বর্তমানে দুর্যোগের সংখ্যা ও তীব্রতা বৃদ্ধি পেয়েছে। বিশ্বব্যাপী নির্দিষ্ট তথ্য না থাকলেও ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রতিবেদন অনুযায়ী দুর্যোগে প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যুর হার অন্যদের চেয়ে ২ থেকে ৪ শতাংশ বেশি।
সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম জানান, বাংলাদেশে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এ পর্যন্ত কতজন প্রতিবন্ধী হয়েছেন, তার কোনো তথ্য নেই। তবে জাতীয় প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপে প্রতিবন্ধিতার কারণ সম্পর্কেও জানতে চাওয়া হচ্ছে। জরিপ শেষ হলে এ পরিসংখ্যান পাওয়া যাবে। সম্মেলনের সমাপনী পর্বের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী দুর্যোগের আগে-পরে প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ প্রয়োজনগুলো চিহ্নিত করার ওপর গুরুত্ব দেন।
গওহর রিজভীর বক্তব্যের আগে ভারতের হরিয়ানা রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী শায়ইন সিং বলেন, তাঁর রাজ্য সরকার দুর্যোগে বিভিন্ন মানুষ বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষার জন্য একটি তহবিল গঠন করেছে। তাই এ সময় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্য কারও দয়ার ওপর নির্ভর করতে হয় না।
গওহর রিজভী তাঁর বক্তব্যে সরকারকে এ ধরনের একটি তহবিল গঠনের জন্য আহ্বান জানান।
বক্তব্যে ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি অন অটিজমের চেয়ারপারসন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্যবিষয়ক এক্সপার্ট অ্যাডভাইজরি প্যানেলের সদস্য সায়মা হোসেন বলেন, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ আইন, নীতি তৈরিসহ বিভিন্ন দেশের তুলনায় অনেক এগিয়ে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা হোসেন ঢাকা ঘোষণা বাস্তবায়নেও বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেল হিসেবে বিবেচিত হবে বলে আশা প্রকাশ করেন।
ঢাকা ঘোষণায় প্রতিবন্ধী ব্যক্তিদের দুর্যোগের ক্ষতি কমিয়ে আনতে বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। দুই বছর পরপর বিভিন্ন দেশ এ ধরনের সম্মেলনের আয়োজন করা হবে বলেও সম্মেলনে অংশগ্রহণকারী সবাই সম্মত হয়েছেন। আন্তর্জাতিক এই সম্মেলনে ১৭টি দেশের ৪৭ জন ও বাংলাদেশের ৫৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।