দুর্যোগ প্রশমনে সহযোগিতা বাড়াতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপী দুর্যোগ প্রশমনে আবহাওয়াসংক্রান্ত তথ্য বিনিময়ে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন। সময়োপযোগী, নির্ভুল আগাম পূর্বাভাস ও সতর্কবাণী প্রদান এবং পর্যাপ্ত প্রস্তুতির মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেক কমিয়ে আনা সম্ভব বলে তিনি উল্ল্লেখ করেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী গতকাল রোববার তাঁর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গোপসাগর ও আরব সাগরে উষ্ণমণ্ডলীয় সামুদ্রিক ঘূর্ণিঝড় বিষয়ে ডব্ল্লিউএমও/এসকাপ প্যানেলের ৪১তম অধিবেশন উদ্বোধনকালে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আবহাওয়া কোনো রাজনৈতিক অথবা ভৌগোলিক সীমারেখা মেনে চলে না। প্রাকৃতিক দুর্যোগ রোধ করা না গেলেও সময়োপযোগী নির্ভুল আগাম পূর্বাভাস ও সতর্কবাণী প্রদান এবং পর্যাপ্ত প্রস্তুতির মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি বহুলাংশে কমিয়ে আনা সম্ভব বলে তিনি উল্ল্লেখ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব খন্দকার মোহাম্মদ আসাদুজ্জামান। আরও বক্তব্য দেন ডব্ল্লিউএমওর ট্রপিক্যাল সাইক্লোন প্রোগ্রাম ডিভিশনের প্রধান তাও ইয়ং পেং, ডব্ল্লিউএমওর প্যানেল অন ট্রপিক্যাল সাইক্লোনের সচিব ও পাকিস্তান আবহাওয়া বিভাগের মহাপরিচালক আরিফ মাহমুদ এবং ইউএন এসকাপের প্রতিনিধি কিরন ওয়াং।
প্রধানমন্ত্রী বিদ্যমান পূর্বাভাস, সতর্কীকরণ ও দুর্যোগ প্রশমন ব্যবস্থার উন্নতি করতে প্রথাগত ব্যবস্থাকে আধুনিক প্রযুক্তিতে উন্নীত করার ওপর জোর দিয়ে বলেন, তাঁর সরকারের আধুনিক ও সময়োপযোগী দুর্যোগ ব্যবস্থাপনা নীতির কারণে পুনর্বাসন ও ঝুঁকি হ্রাসের কর্মকাণ্ডে গতিশীলতা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, বিশেষ ভৌগোলিক অবস্থানগত কারণে দক্ষিণ এশিয়া ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, সমুদ্রে সৃষ্ট অপর প্রাকৃতিক দুর্যোগ সুনামির জন্য পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা স্থাপনে আন্তর্জাতিক উদ্যোগের সঙ্গে বাংলাদেশ ইতিমধ্যেই সম্পৃক্ত হয়েছে। একই সঙ্গে তথ্য বিনিময় এবং দুর্যোগের পূর্বাভাস ও সতর্কবাণী প্রদানে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কর্মকাণ্ডের দক্ষতা আরও বৃদ্ধির লক্ষ্যে সরকার বেশ কিছু উন্নয়ন প্রকল্প সম্পন্ন করেছে। দেশে নৌ-দুর্ঘটনা হ্রাসে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে আগাম পূর্বাভাস প্রদানের মাধ্যমে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সৃষ্ট নৌ-দুর্ঘটনা ব্যাপকভাবে কমিয়ে আনা সম্ভব হবে।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, সভায় অংশগ্রহণকারী আবহাওয়া বিজ্ঞানী এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের আলোচনা থেকে সামুদ্রিক ঘূর্ণিঝড়ের ঝুঁকি হ্রাসে মূল্যবান সুপারিশ এবং নতুন বিজ্ঞানভিত্তিক পদ্ধতিগত ধারণা বেরিয়ে আসবে।