‘বিজ্ঞানভিত্তিক তথ্য জানি, দুর্যোগের ক্ষতি কমিয়ে আনি’ প্রতিপাদ্য নিয়ে গতকাল মঙ্গলবার শেরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৫ পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ভূমিকম্প-সচেতনতাবিষয়ক মহড়ার আয়োজন করা হয়। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হায়দর আলী। বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মো. আবদুল মোতালেব, রেড ক্রিসেন্ট সোসাইটি শেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মো. ফখরুল মজিদ, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. দুলাল মিয়া প্রমুখ।