দুর্যোগ প্রস্তুতির জন্য জাতিসংঘ অ্যাওয়ার্ড পেল বাংলাদেশ
দুর্যোগ প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ২০১৩ সালের জাতিসংঘের সাসাকাওয়া অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় ব্রাজিলের সঙ্গে যৌথভাবে পাওয়া এ পুরস্কার গ্রহণ করেন অ্যাকশনএইড, বাংলাদেশের দেশীয় পরিচালক ফারাহ কবীর ও শাহনেওয়াজ আলী। প্রতিবছর জাতিসংঘের দুর্যোগের ঝুঁকি হ্রাসবিষয়ক সংস্থার (ইউএনআইএসডিআর) পক্ষ থেকে এ পুরস্কার দেওয়া হয়। দুর্যোগের ঝুঁকি হ্রাসে তৈরি হওয়া সংগঠন ন্যাশনাল অ্যালায়েন্স ফর রিস্ক রিডাকশন অ্যান্ড রেসপন্স ইনিশিয়েটিভ (নারি) দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখায় বাংলাদেশকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে বলে জাতিসংঘ সূত্রে জানা গেছে। ইউএনআইএসডিআরের প্রধান মার্গারেটা ওয়ালস্ট্রম ও নিপন্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ওহেই বিজয়ীদের হাতে ২০ হাজার ডলার মূল্যমানের এ সাসাকাওয়া অ্যাওয়ার্ড তুলে দেন।