দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ঈদের ছুটি বাতিল
ঈদের আগে পানি বৃদ্ধি পেয়ে আবারও বন্যার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এ কারণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। ছুটি বাতিল করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদেরও।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া আজ সোমবার শরীয়তপুরের জাজিরায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী মানুষের মধ্যে ত্রাণ বিতরণের সময় ছুটি বাতিলের কথা জানান। মন্ত্রী বলেন, শুধু কর্মকর্তা ও কর্মচারীই নন—মন্ত্রী ও সচিবেরাও ঈদের ছুটি ভোগ করতে পারবেন না।
মন্ত্রী জাজিরা ও নড়িয়া উপজেলা পরিষদ চত্বরে ৯০০ পরিবারের মধ্যে ২০ কেজি করে চাল ও ৩০০ পরিবারের মধ্যে এক হাজার করে টাকা বিতরণ করেছেন। বিকেলে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে মন্ত্রী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে সভা করেন।
ত্রাণ নিয়ে কেউ দুর্নীতি করলে ছাড় দেওয়া হবে না বলে উল্লেখ করেন ত্রাণমন্ত্রী। তিনি বলেছেন, দুর্যোগ আসবে দুর্যোগ চলে যাবে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষের পাশে আছেন। শেখ হাসিনা থাকতে বাংলাদেশের মানুষ কেউ না খেয়ে মরবে না।
মন্ত্রী বলেন, ‘গত চার মাসে বাংলাদেশে বন্যা, পাহাড়ধস, নদীভাঙনসহ বহু দুর্যোগ এসেছে। এই দুর্যোগে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রাণ, চিকিৎসার জন্য ওষুধ, বিশুদ্ধ খাবার পানি, বাসস্থানসহ যা প্রয়োজনীয়, সবকিছু দিয়েছেন। আমাদের খাদ্য, ত্রাণের অভাব নেই। যার যা সহযোগিতা দরকার তা আমরা দেব।’
এ সময় উপস্থিত ছিলেন সাংসদ শওকত আলী, বি এম মোজাম্মেল হক, নাভানা আক্তার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ্ কামাল প্রমুখ।