ক্ষুদ্রঋণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় সাফল্য বাংলাদেশকে বিশ্বদরবারে নতুন পরিচয়ে পরিচিত করাচ্ছে। বিশেষ করে, সামাজিক উন্নয়নে স্থানীয় জনগণ ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্ববাসী এ থেকে শিক্ষা নিতে পারে। বিশেষ করে ব্র্যাক, গ্রামীণ ব্যাংক ও অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই সফলতার পেছনে ভূমিকা রাখছেন।গতকাল সোমবার শুরু হওয়া সামাজিক উন্নয়নবিষয়ক এক সিম্পোজিয়ামে বিশ্বের খ্যাতনামা সমাজবিজ্ঞানী ও অর্থনীতিবিদেরা এসব কথা বলেন। ‘সুশাসন: বিশ্বজুড়ে সামাজিক উন্নয়নে জ্ঞান তৈরি’ শীর্ষক এই সিম্পোজিয়ামে বিশ্বের ৪০টি দেশ থেকে আসা গবেষকেরা প্রবন্ধ উপস্থাপন করছেন। পাঁচ দিনব্যাপী এই সিম্পোজিয়ামে সুশাসন প্রতিষ্ঠায় সামাজিক উন্নয়নের ভূমিকাগুলো চিহ্নিত করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের সদ্যপ্রয়াত উপাচার্য বজলুল মবিন চৌধুরীকে স্মরণ করা হয়। গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করার কথা থাকলেও তিনি ব্যক্তিগত কারণে উপস্থিত হতে পারেননি বলে উদ্যোক্তারা জানান।সিম্পোজিয়ামের অন্যতম আয়োজক ইন্টারন্যাশনাল কো-অপারেশন সোশ্যাল ডেভেলপমেন্টের মিজান মিয়া বলেন, সামাজিক উন্নয়নে অধ্যাপক ইউনূস ও গ্রামীণ ব্যাংকের ভূমিকা বিশ্বদরবারে বাংলাদেশকে নতুন পরিচয়ে পরিচিত করাচ্ছে। ইতিবাচকভাবে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরছে। উন্নয়নের বিকল্প ধারা তৈরির ক্ষেত্রে ইউনূসের বিকল্প নেই বলেও তিনি মত দেন। যুক্তরাষ্ট্রের মনমাউথ বিশ্ববিদ্যালয়ের গোলাম এম মাতবর সামাজিক উন্নয়নে সমাজকর্মীদের ভূমিকা কী হতে পারে, তা বিস্তারিতভাবে তুলে ধরেন। সামাজিক উন্নয়নে সফল উদ্যোগ হিসেবে বাংলাদেশের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণের ক্ষেত্রে সামাজিক পুঁজি ও স্থানীয় জনগণের অংশগ্রহণভিত্তিক উন্নয়ন কৌশলকে চিহ্নিত করেন তিনি। বাংলাদেশের ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্রের মনমাউথ বিশ্ববিদ্যালয় ও ইন্টারন্যাশনাল কো-অপারেশন সোশ্যাল ডেভেলপমেন্টের যৌথ আয়োজনে এই সিম্পোজিয়ামে অংশ নেন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি। সিম্পোজিয়ামে বিশ্বের ৪০টি দেশ থেকে প্রবন্ধ উপস্থাপন করা হবে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য, দারিদ্র্য, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, বেসরকারি উন্নয়ন সংস্থা ও সুশীল সমাজের ভূমিকা নিয়ে এখানে আলোচনা হবে।মনমাউথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অ্যাফেয়ার্স বিভাগের সহসভাপতি থমাস পিয়ারসন তাঁর বক্তব্যে বলেন, ক্ষুদ্রঋণ ও দুর্যোগ মোকাবিলার সাফল্যে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। ধনী-গরিবের পার্থক্য দূর করার ক্ষেত্রে বাংলাদেশ সাফল্য পেয়েছে।