দুর্যোগের ঝুঁকি হ্রাসবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বান কি মুন
দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিশ্ববাসীর কাছে বড় উদাহরণ

কীভাবে দুর্যোগের ঝুঁকি মোকাবিলা করতে হয়, তা বাংলাদেশের কাছ থেকে শেখার জন্য বিশ্ববাসীকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। তিনি বলেছেন, দুর্যোগ মোকাবিলা করে টিকে থাকার ক্ষেত্রে বিশ্ববাসীর কাছে বাংলাদেশ বড় উদাহরণ।
গতকাল রোববার জাপানের সেনদাই শহরে জাতিসংঘের দুর্যোগের ঝুঁকি হ্রাসবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বান কি মুন এই আহ্বান জানান। গত শনিবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনের এই সম্মেলন। সম্মলনের সহসভাপতি হিসেবে বাংলাদেশকে মনোনীত করা হয়েছে। সম্মেলনে দুর্যোগের ঝুঁকি হ্রাসবিষয়ক যে সমঝোতা ও কর্মপরিকল্পনা তৈরি হবে, তার সঞ্চালনায় বাংলাদেশ ভূমিকা রাখবে।
গতকাল সেনদাই শহরের একটি হোটেলে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলাপ করেন জাতিসংঘের মহাসচিব। আন্তর্জাতিক সংস্থাগুলোর নেতৃত্ব দেন ইন্টার পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সভাপতি সাংসদ সাবের হোসেন চৌধুরী। দুপুরে বান কি মুন সেনদাই সম্মেলনে আসা তরুণ ও কিশোরদের সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। তরুণদের প্রতিনিধিদলে বাংলাদেশের দুজন তরুণ যোগ দেন।
টোহুকো বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় বাংলাদেশের দুর্যোগের ঝুঁকিবিষয়ক আলোচনা সভা। আয়োজক ছিল বাংলাদেশ সরকার ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনিডিপি)। এতে বিভিন্ন দেশের দুর্যোগ বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা যোগ দেন। সভায় দুর্যোগ বিশেষজ্ঞ সাইদুর রহমান তাঁর উপস্থাপনায় দেখান, ১৯৭০ সালে দেশের উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড়টি ছিল ক্ষয়ক্ষতির দিক থেকে বিশ্বের সবচেয়ে ভয়ংকর দুর্যোগ। ঘণ্টায় ২৪০ কিলোমিটার গতির সেই ঝড়টিতে মারা যায় প্রায় পাঁচ লাখ মানুষ। এর দুই বছর পরে যুক্তরাষ্ট্রে ২৭০ কিলোমিটার বেগে একটি ঘূর্ণিঝড় আঘাত হানলে তাতে মারা যায় মাত্র ১৫ জন। তাই ঝড়ের কারণে মানুষ মরে, এটা ঠিক নয়।
সাইদুর রহমান আরও বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় নেওয়া নানা উদ্যোগের কারণে ক্ষয়ক্ষতি অনেক কমে এসেছে। সাম্প্রতিক কয়েকটি ঘূর্ণিঝড়ে কয়েক শ মানুষ মারা গেছে। ইইউএনডিপি, বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর খোরশেদ আলমের সঞ্চালনায় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
সভায় সাংসদ সাবের হোসেন চৌধুরী বলেন, জাপান সরকার দুর্যোগের ঝুঁকি হ্রাসবিষয়ক সেনদাই ইনিশিয়েটিভ নামে একটি উদ্যোগ নিয়েছে। বাংলাদেশের উচিত হবে সেই উদ্যোগে অংশ নেওয়া। সভায় দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ে বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির (সিডিএমপি) পরিচালক আবদুল কাইয়ুম। এ ছাড়া আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালেয়র শিক্ষক মাকসুদ কামাল ও, মাহবুবা নাসরিন।