কক্সবাজারের মহেশখালী দ্বীপে দুর্যোগ মোকািবলার কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকদের পর্যাপ্ত সরঞ্জাম নেই। এ কারণে ঘূর্ণিঝড় বা দুর্যোগে করণীয় সম্পর্কে প্রচারণার কাজ বন্ধ রয়েছে তিন বছর ধরে। শক্তিশালী কোনো ঝড় আঘাত হানলে ব্যাহত হবে উদ্ধার তৎপরতাও।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে মহেশখালী উপজেলায় ১ হাজার ৩৩৫ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন। ৮৯টি ইউনিটের অধীনে স্বেচ্ছাসেবকেরা ঝড়ের মৌসুম এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত মাঠে প্রচারণা চালান। এ ছাড়া ঝড়ের সংকেত দেওয়া হলেও লোকজনকে সতর্ক করতে নেমে পড়েন তাঁরা। তবে মেগা ফোন, টর্চ, প্রাথমিক চিকিৎসা বক্স, রেডিও, সংকেত পতাকা, সাইেরন, গাম বুট, লাইফ জ্যাকেট, হেলমেট ও উদ্ধার ব্যাগ না থাকায় তিন বছর ধরেই তাঁদের প্রচারণা বন্ধ রয়েছে।
স্বেচ্ছাসেবকেরা জানান, ২০০৫ সালের পর সরকার আর কোনো সরঞ্জাম সরবরাহ করেনি। সোনাদিয়ার ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি দলের নেতা মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ২০০৫ সালে দুর্যোগ মোকাবিলা করার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনকে বিভিন্ন সরঞ্জাম দেওয়া হলেও তিন বছর আগেই তা নষ্ট হয়ে গেছে। বর্তমানে দুর্যোগের বিষয়ে জনগণের সচেতনতা সৃষ্টি করতে নেই কোনো সরঞ্জাম। ফলে মাঠপর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ে উপজেলার ১০ হাজার মানুষের মৃত্যুর পর দেশি–বিদেশি বিভিন্ন সংস্থার সহায়তায় ১২৩টি আশ্রয়কেন্দ্র তৈরি হয়। রক্ষণাবেক্ষণ এবং সংস্কার না হওয়ায় এসব আশ্রয়কেন্দ্রের ৩২টি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিউল আলম বলেন, এই এলাকায় ১২৩টি আশ্রয়কেন্দ্র রয়েছে। তার মধ্যে সংস্কারের অভাবে ৩২টি কেন্দ্র ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। তাই আশ্রয়কেন্দ্রগুলো সংস্কারের জন্য ইতিমধ্যে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি কক্সবাজারের উপপরিচালক হাফেজ আহমদ বলেন, মহেশখালীতে দুর্যোগ মোকাবিলার করার জন্য স্বেচ্ছাসেবকদের যেসব সরঞ্জাম দেওয়া হয়েছিল, সেসবের মধ্যে কেবল ১০টি মেগাফোন ঠিক আছে। সরকারের পক্ষ থেকে যাতে নতুন সরঞ্জাম দেওয়া হয়, সে ব্যাপারেও যোগাযোগ করা হয়েছে।