জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে নারীর ভূমিকাকে গুরুত্ব দিতে হবে। দুর্যোগ মোকাবিলায় নারীদের শক্তি কাজে লাগাতে হবে। এই অভিমত বিশেষজ্ঞদের। ‘পানি, ঢেউ ও আবহাওয়া: জলবায়ু পরিবর্তন এবং দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ’ শীর্ষক তিন দিনের সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল মঙ্গলবার বিশেষজ্ঞরা এই অভিমত দিয়েছেন। যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিক গবেষণা কেন্দ্রের সহায়তায় আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ ও ব্র্যাক ডেভেলপমেন্ট স্টাডিজ এই সম্মেলনের আয়োজন করেছে। ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে গতকালের অধিবেশনে চারটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। যুক্তরাষ্ট্রের সাইরাকিউস বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফারহানা সুলতানা তাঁর প্রবন্ধে বলেন, ১৯৯১ সালে বাংলাদেশের ঘূর্ণিঝড়ে নারীরাই বেশি মারা গেছে। ২০০৪ সালের সুনামিতে শ্রীলঙ্কায় নিহত মানুষের ৬১ শতাংশ ছিল নারী। কেননা, নারীরা সন্তান ও পরিবারের দেখাশোনা করতে ঝড়ের মধ্যেও বাড়িতে অবস্থান করে। ফলে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীদের প্রস্তুত করলে পরিবারের বেশির ভাগ সদস্যের নিরাপত্তা নিশ্চিত হবে। শ্রীলঙ্কার ক্যান্ডি শহরভিত্তিক প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল স্টাডিজের গবেষক এম সি এম ইকবাল তাঁর প্রবন্ধে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে শ্রীলঙ্কার ভূগর্ভস্থ পানির পরিমাণ কমে যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় শ্রীলঙ্কার কৃষকেরা স্থানীয় উদ্যোগে প্রাকৃতিক জলাধার নির্মাণ করে পানি সংরক্ষণ করছেন। এই প্রবন্ধ দুটির ওপর আলোচনায় ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের (আইআইইডি) সিনিয়র রিসার্চ ফেলো সলিমুল হক বলেন, নারীর অংশগ্রহণ ও মতামতকে প্রতিটি ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। স্থানীয় পর্যায়ের জ্ঞানকে বিজ্ঞানসম্মতভাবে কাজে লাগানোর ওপর জোর দেওয়ারও পরামর্শ দেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমেনা মোহসিন বলেন, নারীদের মূল ধারায় নিয়ে আসার উদ্যোগ জাতিসংঘ ও উন্নয়ন সংস্থাগুলোর দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা হয় অনেক বেশি। কিন্তু একটি দেশের বাস্তব পরিস্থিতি মূল্যায়ন করে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীর অংশগ্রহণ ও স্থানীয় পর্যায়ের জ্ঞান কাজে লাগানোর ওপর গুরুত্ব দিতে হবে। যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেলি ফিল্ডম্যানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নাভিদা খান, ব্র্যাক ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের (বিডিআই) পরিচালক সৈয়দ হাশমী ও জলবায়ু বিশেষজ্ঞ এস এম রশিদ।