মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেছেন, বাংলাদেশের মানুষকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য প্রস্তুত করে তুলতে হবে। এ জন্যই মার্কিন সরকার ‘সৌহার্দ্যের’ মতো কর্মসূচিতে অর্থায়ন করে আসছে। গত রোববার দুপুরে বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের রাধা-লক্ষ্মী নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় কাম ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন রাষ্ট্রদূত। তিনি ওই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।‘সৌহার্দ্য’ প্রকল্পের আওতায় মার্কিন সংস্থা ইউএসএআইডির অর্থায়নে এক কোটি ৬০ লাখ ৮১ হাজার টাকা ব্যয়ে এক হাজার ৯০ জন ধারণ ক্ষমতার এ স্কুল কাম ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। বাগেরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক গোকুল কৃষ্ণ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইউএসএআইডির বাংলাদেশ মিশনের ডিরেক্টর ডেনিস রলিন্স।