দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের সক্ষমতা আরও বাড়ানোর তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের সক্ষমতা আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি ভূমিকম্প-সহনীয় ভবন নির্মাণে সচেতনতা বাড়ানোর কথা বলেছেন তাঁরা। গতকাল বুধবার সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সেমিনারে এই মন্তব্য করেন তাঁরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রাম ‘সচেতনতা, প্রশিক্ষণ ও প্রস্তুতি: ভূকম্পন মোকাবিলার সর্বোত্তম উপায়’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল মোশাররফ হোসাইন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার সৈয়দা সরোয়ার জাহান। আলোচনায় অংশ নেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ইকবাল সরোয়ার। স্বাগত বক্তব্য দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপপরিচালক আবদুস সাত্তার মণ্ডল।
মূল প্রবন্ধে মোশাররফ হোসাইন ফায়ার সার্ভিসের বর্তমান অবস্থা, সক্ষমতা ও ভূকম্পন মোকাবিলায় প্রতিষ্ঠানটির সক্ষমতার নানা দিক তুলে ধরেন। এ ছাড়া বিভিন্ন সময়ে ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণও তুলে ধরা হয়।
সভায় বক্তারা বলেন, ভূমিকম্প মোকাবিলার জন্য সক্ষমতা যেমন দরকার, তেমনি সচেতনতা বাড়ানো প্রয়োজন। ভবন তৈরির ক্ষেত্রে বিল্ডিং কোড মেনে চলা জরুরি। ইমারত বিধিমালা না মেনে ভবন তৈরি করা হলে ঝুঁকি বাড়বে। তাঁরা বলেন, ভূমিকম্প মোকাবিলার জন্য ফায়ার সার্ভিস যথেষ্ট সক্ষম নয়। এ জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, জনবল ও যন্ত্রপাতি বাড়ানো উচিত।