দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা নিয়ে আলোচনা করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ। এখানকার মানুষের সচেতনতা বাড়ানোর পাশাপাশি দুর্যোগের ঝুঁকি কমাতে ইসলামিক রিলিফ যে কার্যক্রম পরিচালনা করছে, তা প্রশংসাযোগ্য। যুক্তরাজ্যে ফিরে আমরা বাংলাদেশের দুর্যোগ মোকাবিলায় অব্যাহত সহযোগিতার ব্যাপারে আলোচনা করব।’কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের চেয়ার ব্রিটিশ পার্লামেন্ট সদস্য অ্যান মেইন গতকাল রোববার সিলেটে এক আলোচনা সভায় এ কথা বলেন। অ্যান মেইন ছিলেন ‘ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগ ঝুঁকি হ্রাস’ শীর্ষক এ আলোচনা সভার প্রধান অতিথি। তাঁর সঙ্গে বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের ক্ষমতাসীন দলের এমপিদের একটি দল সভায় যোগ দেয়।জেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইসলামিক রিলিফ আয়োজিত অনুষ্ঠানে মূল বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোস্তাক আহমেদ।স্বাগত বক্তব্যে আয়োজক সংস্থার বাংলাদেশের পরিচালক সাবেল ফিরোজ ভূমিকম্প ঝুঁকির বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, ‘সিলেটে যুক্তরাজ্যপ্রবাসীদের পাঠানো টাকায় যেসব ভবন নির্মাণ করা হচ্ছে, তা জাতীয় ইমারত নির্মাণবিধি মেনে করা হচ্ছে না। এ বিষয়ে মানুষকে সচেতন করার লক্ষ্যে ইসলামিক রিলিফ স্থানীয় প্রশাসনের সঙ্গে যৌথভাবে কাজ করছে।’ আলোচনার পর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভূমিকম্প প্রস্তুতিবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এর পর সিটি করপোরেশনের সম্মেলনকক্ষে যুক্তরাজ্যের এমপিরা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় অন্যদের মধ্যে সিটি মেয়র বদরউদ্দিন আহমদ, ব্রিটিশ এমপি অ্যান মেইন, বব ব্ল্যাকম্যান ও নিক বো এবং ইসলামিক রিলিফ যুক্তরাজ্যের পরিচালক জাহাঙ্গীর মালিক উপস্থিত ছিলেন।