দুর্যোগ মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘূর্ণিঝড় ‘মোরা’ উপকূলে আজ আঘাত হানতে পারে। এ আশঙ্কায় সর্বস্তরের মানুষকে সতর্ক করার জন্য গতকাল উপকূলের বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। ছবিটি ভোলা থেকে তোলা l প্রথম আলো
ঘূর্ণিঝড় ‘মোরা’ উপকূলে আজ আঘাত হানতে পারে। এ আশঙ্কায় সর্বস্তরের মানুষকে সতর্ক করার জন্য গতকাল উপকূলের বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। ছবিটি ভোলা থেকে তোলা l প্রথম আলো

ঘূর্ণিঝড় মোরা আজ মঙ্গলবার সকালে দেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে বলে গতকাল সোমবার জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে উপকূলীয় জেলা ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং এসব জেলার অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে চার থেকে পাঁচ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা জারির পর উপকূলবাসীকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে এসব এলাকায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে অনুরোধ জানানো হয়েছে। ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, বিদ্যালয়গুলোতে তাদের আশ্রয় নিতে বলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে পর্যাপ্ত শুকনো খাবার, খাওয়ার পানি মজুত রাখা হয়েছে। গভীর সমুদ্রে অবস্থানরত বেশ কিছু নৌযানের সংবাদ না পাওয়া, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের স্বল্পতায় উপকূলীয় এলাকায় শঙ্কা রয়েছে।
বরিশাল: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোরা’র কারণে বরিশালসহ দক্ষিণাঞ্চলের সব জেলার অভ্যন্তরীণ পথে লঞ্চ ও সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বরিশাল বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক আজমল হুদা সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ সব রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং মাঝ নদীতে থাকা লঞ্চগুলোকে বিশেষ সতর্কতার সঙ্গে নিরাপদ স্থানে নোঙর করে রাখতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে বলে জানিয়েছে বরিশাল বিআইডব্লিউটিএ। এই নিষেধাজ্ঞার ফলে বরিশাল, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা, বাগেরহাট ও পটুয়াখালী জেলার সব পথে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে বন্ধ রাখা হয়েছে ফেরি চলাচল।
সাতক্ষীরা: ঘূর্ণিঝড় মোরা আঘাত আনতে পারে—এই সংবাদে সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। ২০০৯ সালের ২৫ মে আইলার কথা সবাই স্মরণ করছে।
এদিকে ঘূর্ণিঝড় মোরার সম্ভাব্য আঘাত মোকাবিলায় সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। উপকূলীয় উপজেলা শ্যামনগর ও আশাশুনির সব ইউনিয়নের জনগণকে সতর্ক থাকার জন্য মাইকিং করা হয়েছে। সুন্দরবনে কর্মরত জেলে, বাওয়ালি ও মৌয়ালদের লোকালয়ে ফিরে আসার জন্য বার্তা পাঠানো হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে শ্যামনগর, আশাশুনিতে ৩ হাজার ৩০০ স্বেচ্ছাসেবক।
সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাসেম মো. মহিউদ্দিন বলেন, মোরার সম্ভাব্য আঘাত হানার আশঙ্কায় জরুরি ভিত্তিতে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। তাঁর সভাপতিত্বে সভায় জেলার ১৩২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা সিভিল সার্জনকে প্রতিটি উপজেলায় চিকিৎসক দল প্রস্তুত রাখতে অনুরোধ করা হয়েছে। বিশুদ্ধ খাওয়ার পানি, শুকনা খাবার, মোমবাতি ও দেশলাই মজুত রাখতে বলা হয়েছে। পাশাপাশি সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মোরার আশঙ্কা কেটে না যাওয়া পর্যন্ত ছুটি বাতিল করা হয়েছে।
পাথরঘাটা (বরগুনা): বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী প্রথম আলোকে বলেন, হঠাৎ করে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ায় জেলেদের সতর্ক বার্তা পাঠানো সম্ভব হয়নি। উপকূলীয় এলাকায় আড়াই শতাধিক এবং গভীর সাগরে আরও দুই শতাধিক ট্রলার মাছ ধরছে। এতে ওই সব জেলে পরিবারের সদস্য ও তাঁদের স্বজনেরা উদ্বিগ্ন।
পটুয়াখালী: দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে জেলার ৩৩১টি ঘূর্ণিঝড় ও বন্যা আশ্রয়কেন্দ্র। গঠন করা হয়েছে ১১১টি মেডিকেল টিম। দুর্যোগকালীন ও দুর্যোগ-পরবর্তী সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেলার সব নদীপথে যাত্রীবাহী লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মো. মাছুমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জরুরি প্রস্তুতি হিসেবে দুর্যোগকালীন মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য জেলার ৩৩১টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও বন্যা আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
এ ছাড়া সাগর উপকূলীয় উপজেলাসমূহের অদূরবর্তী দ্বীপ ও নিম্নাঞ্চলের জনগণকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগকালীন ও পরবর্তী সময়ে মানুষের চিকিৎসাসেবা দেওয়ার জন্য জেলায় ১১১টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।
পায়রা সমুদ্রবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, বন্দরের বহির্নোঙরে পণ্য খালাসের জন্য কোনো জাহাজ নেই। তবে ঘূর্ণিঝড় থেকে স্থাপনা রক্ষায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
পটুয়াখালী নদীবন্দরের উপপরিচালক আবদুর রাজ্জাক বলেন, নদীবন্দরে ২ নম্বর সংকেত দেখানো হয়েছে। এ ছাড়া জেলায় সব নদীপথে যাত্রীবাহী ছোট-বড় লঞ্চসহ সব ধরনের নৌযান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ভোলা: প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ভোলার সাত উপজেলা পরিষদে দুপুরে দুর্যোগ প্রস্তুতি সভা ও জেলা পর্যায়ে দুটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভোলার সব উপজেলায় মাইকিং করা, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র পরিষ্কার, দূরবর্তী নৌ হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়েছে। ভোলা জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন এসব তথ্য দেন।
তবে জেলার ঘূর্ণিঝড় ও দুর্যোগ প্রস্তুতি কর্মসূচির উপপরিচালক মো. শাহাবুদ্দিন বলেন, ভোলায় সব মিলিয়ে ৬৮৪টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র আছে। আরও ২৫০টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রয়োজন।
(প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন বরিশাল ও সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক এবং পটুয়াখালী অফিস, ভোলা ও পিরোজপুর প্রতিনিধি ও বাগেরহাট সংবাদদাতা)