প্রাকৃতিক দুর্যোগের ওপর মানুষের হাত নেই, তাই ভূমিকম্পে যাতে ক্ষয়ক্ষতি কম হয়, সে ব্যাপারে আগে থেকে উদ্যোগ নিতে হবে। এ জন্য স্বেচ্ছাসেবী মনোভাব নিয়ে সবাইকে সচেতন হতে হবে। গতকাল রোববার সিলেট সিটি করপোরেশনের নগর ভবন চত্বরে ভূমিকম্প দুর্যোগ মোকাবিলা মহড়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এ আহ্বান জানান। বেলা ১১টা থেকে এক ঘণ্টা মহড়া চলে। বেসরকারি সংস্থা ইসলামিক রিলিফের সহযোগিতায় এই মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিটি মেয়র বদরউদ্দিন আহমদ কামরান বলেন, ইসলামিক রিলিফ ও দমকল বাহিনীর সহযোগিতায় দক্ষ স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলা হয়েছে। তিনি বলেন, যেকোনো দুর্যোগ ধৈর্যের সঙ্গে মোকাবিলা করত হয়। তাই উদ্ধারকর্মীদের মানসিক ও শারীরিক শক্তি বাড়াতে হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সিটি করপোরেশনের কাউন্সিলর মো. আবদুল খালিক, শাহানারা বেগম, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক পরিমল কুণ্ডু, ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা শাহ শাহিদ আহমেদ।