দুর্যোগ মোকাবিলায় ৬২ হাজার স্বেচ্ছাসেবক গড়তে প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সারা দেশে ৬২ হাজার স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রকল্পের অংশ হিসেবে ইতিমধ্যে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সিটি করপোরেশনের এলাকায় ২০০ জন করে ৬০০ স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তিন বছর ধরে এভাবে ছয়টি সিটি করপোরেশনসহ শহরাঞ্চলের লোককে প্রশিক্ষণ দেওয়া হবে। ডিএফআইডি, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এ প্রকল্পে অর্থায়ন করছে। প্রকল্প বাস্তায়নের জন্য সার্বিক দুর্যোগ-ব্যবস্থাপনা কর্মসূচি (সিডিএমপি) এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মধ্যে গতকাল এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ চুক্তি হয়। সংবাদ সম্মেলনে দুই সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মোহাম্মদ শহিদ উল্লাহ বলেন, স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেওয়া হলে বিপর্যয়ে প্রাণহানি রোধ করা যাবে। বিশ্বের উন্নত দেশে বেসরকারি প্রশিক্ষিত দল রয়েছে। এ দেশেও প্রশিক্ষিত বাহিনী গড়ে তোলা হবে। সার্বিক দুর্যোগ-ব্যবস্থাপনা কর্মসূচির (সিডিএমপি) জাতীয় প্রকল্প পরিচালক আবদুল কাইয়ূম বলেন, পর্যায়ক্রমে ৬২ হাজার স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রথম পর্যায়ে ৩০ হাজার স্বেচ্ছাসেবককে এ প্রশিক্ষণের আওতায় আনা হবে। নগর পরিকল্পনার অংশ হিসেবে প্রতিটি জেলায় অঞ্চলভিত্তিক ক্ষুদ্র মানচিত্র করে দেওয়া হবে। গণপূর্ত অধিদপ্তর, সিটি করপোরেশন ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ—রাজউক এ মানচিত্র তাদের কাজে লাগাতে পারবে। ইতিমধ্যে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট জেলায় মানচিত্র করে দেওয়া হয়েছে। আরও ছয়টি জেলায় এ মানচিত্র তৈরির কাজ চলছে। সংবাদ সম্মেলনে বলা হয়, কোনো দুর্ঘটনার সময় আতঙ্কিত হয়ে লোকজন বেশি মারা যায়। এ ক্ষেত্রে প্রশিক্ষণ থাকলে যেকোনো দুর্যোগ মোকাবিলা করা সম্ভব। প্রথম পর্যায়ে কমিউনিটি স্বেচ্ছাসেবক দল গঠন করা হবে। একটি দলে ৪০ জন প্রশিক্ষিত লোক থাকবেন। তাঁদের মধ্যে ১২ জন করে তল্লাশি ও উদ্ধারকর্মী এবং ছয়জন সেবামূলক কাজে নিয়োজিত থাকবেন। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রশিক্ষিত ব্যক্তিদের নামের তালিকা স্থানীয় ফায়ার স্টেশন থাকবে। সেখানে যন্ত্রপাতি, পোশাক ও হেলমেট মজুদ থাকবে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর স্বেচ্ছাসেবক নিয়োগ করবেন। ঝুঁকিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের একই ভাষা শিক্ষা দেওয়া হবে, যাতে যন্ত্রপাতির নাম বলামাত্রই সহজে চিনতে পারেন। সংবাদ সম্মেলনে প্রকল্পের সমন্বয়ক ও ইউএনডিপির ভূমিকম্পবিষয়ক পরামর্শক এ এস এম মাকসুদ কামাল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ) মতিউর রহমান ও ইউএনডিপির প্রতিনিধি আমিনুল ইসলাম বক্তব্য দেন।