দুর্যোগ রোধকল্পে মানসম্পন্ন নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

২৭ নভেম্বর ২০১৬, প্রথম আলোর আয়োজনে ‘দুর্যোগ রোধকল্পে মানসম্পন্ন নির্মাণ’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে ছাপা হলো।

.
.


সহযোগিতায়:

আলোচনায় সুপারিশ
* যেকোনো পরিকল্পনার সঙ্গে প্রকল্পের জীবনব্যাপী রক্ষণাবেক্ষণের বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবতে হবে
* ঢাকাসহ বড় শহরগুলোতেও বিল্ডিং কোডের প্রয়োগ নিতান্ত সীমিত। সবাই যেন বিল্ডিং কোড মানে সে জন্য জরুরি উদ্যোগ নিতে হবে
* নির্মাণ উপকরণের মানের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না।
* রাজউক, সিটি করপোরেশন, অগ্নিনির্বাপক প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবার মধ্যে ব্যাপক সমন্বয় প্রয়োজন
* স্থপতি ও প্রকৌশলীর মধ্যে নির্মাণকাজের সমন্বয় থাকা প্রয়োজন
* নির্মাণকাজ তদারকের জন্য শহরকে অনেকগুলো জোনে ভাগ করতে হবে

আলোচনা 

আব্দুল কাইয়ুম: আমরা সবাই চাই দেশের নির্মাণগুলো যেন দুর্যোগ সহনীয় হয়। এ জন্য নীতিনির্ধারণী মহল ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা প্রয়োজন। লক্ষ করেছি, সামান্য ভূমিকম্পেই অনেক ভবনে ফাটল ধরে, কখনো কখনো ভেঙে পড়ে। কোথাও আগুন লাগলে আগুন নেভানোর গাড়ি খুব দ্রুত পৌঁছে যায়। কিন্তু রাস্তা এত সরু যে গাড়ি ঢুকতে পারে না। আগুন নেভানোর পানি পাওয়া যায় না।

সাধারণ মানুষও এত ভিড় করে যে কোনো কাজই ঠিকমতো করা যায় না। এখন নির্মাণ শুধু শহরেই হয় না। গ্রামগঞ্জ এমনকি দেশের প্রত্যন্ত অঞ্চলেও নির্মাণ হচ্ছে। আমাদের উদ্দেশ্য যেখানেই নির্মাণ হোক, সেটা যেন দুর্যোগ সহনীয় হয়।

এসব বিষয়ে আজকের আলোচনা। এখন আলোচনা করবেন এ মজিদ চৌধুরী।

এ মজিদ চৌধুরী
এ মজিদ চৌধুরী

এ মজিদ চৌধুরী: ভূমিকম্প, জলোচ্ছ্বাস, খরা, বন্যা, সন্ত্রাসী হামলা বিভিন্ন ধরনের দুর্যোগ হতে পারে। আবার মানুষের সৃষ্ট দুর্যোগও হতে পারে। যেভাবেই এটা আসুক না কেন, তা মানুষের জান ও মালের ক্ষতি করে। দুর্ভোগ বাড়ায়। দুর্যোগ রোধ করতে পারব না। তবে সহনীয় করতে পারব।
একটা স্থাপনার সুন্দরভাবে নকশা করা হয়। কিন্তু নকশা প্রয়োগের সময় অনেক ত্রুটি-বিচ্যুতি থেকে যায়। প্রতিটি স্থাপনার মধ্যে কিছু সামগ্রী থাকে। যেমন: রড, সিমেন্ট, কংক্রিট, বালু ইত্যাদি। এসব দ্রব্যের মান যদি ঠিক না থকে, যত ভালো নকশা হোক, যত ভালো স্থপতি ও প্রকৌশলী থাকুক না কেন, স্থাপনাটি কখনো মানসম্পন্ন হবে না। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হলো স্থাপনায় ব্যবহৃত সামগ্রীর গুণগত মান।
সাধারণত একটি বাড়ি করতে একজন মানুষকে অনেক কিছু করতে হয়। তিনি একে তাঁর সন্তানের মতো মনে করেন। তিনি হয়তো অনেক কষ্ট করে সবকিছু সংগ্রহ করেছেন। কিন্তু চূড়ান্ত পর্যায়ে একজন অনভিজ্ঞ রাজমিস্ত্রি দিয়ে কাজ করান। এই মিস্ত্রি স্থাপনার দ্রব্যের সঠিক ব্যবহার জানেন না। অনেক সময় জানার পরও অবহেলা করেন।
প্রকৌশলীরা কাজের সময় স্থাপনার কাছে থাকেন না। ফলে স্থাপনায় ব্যবহৃত দ্রব্যের গুণগত মান ঠিক থাকার পরও স্থাপনাটি মানসম্পন্ন হয় না। এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। আমরা সিমেন্ট উৎপাদন করি। এটা ভালোভাবে প্যাকিং করি, গুদামজাত করি। এর গুণগত মানের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি।

আজকের আলোচনা থেকে যে পরামর্শ আসবে আমরা সেগুলো কাজে লাগানোর চেষ্টা করব।

আবদুল মালেক সিকদার
আবদুল মালেক সিকদার

আবদুল মালেক সিকদার: সম্ভবত দেশের ৯০ শতাংশেরও বেশি স্থাপনা নির্মিত হয়েছে কোনো প্রকার প্রকৌশলীদের সাহায্য ছাড়া। এ থেকে সহজেই বোঝা যায়, সমস্যা কত জটিল। আর যেসব ক্ষেত্রে প্রকৌশলীদের সাহায্য নেওয়া হয়েছে, অনেক ক্ষেত্রে তাঁদের অনেকে অর্ধেক প্রকৌশলী বা অনভিজ্ঞ।
সঠিক নকশা থাকলেও প্রকৃত নিয়মনীতি মেনে স্থাপনা খুব কমই নির্মিত হয়েছে। সব সময় একটা বিষয় আলোচনা হয় যে তদারক প্রতিষ্ঠানের অভাব। তদারকের জন্য যথেষ্ট লোকবল নেই। কিন্তু যা আছে, তারও সঠিক প্রয়োগ হচ্ছে না।
রাজউকের নির্মাণবিধির প্রায় ৯০ শতাংশ মানা হয় না। ন্যাশনাল বিল্ডিং কোডও অধিকাংশ ক্ষেত্রে মানা হয় না। ২০ বছর হলো নির্মাণবিধি হয়েছে। কিন্তু এখনো এর খুব একটা প্রয়োগ দেখা যায় না। এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। সরকারি ও বেসরকারি উভয় দিক থেকে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। আমাদের সামাজিক সচেতনতা ও দায়বদ্ধতার ক্ষেত্রে কাজ করতে হবে। সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে নির্বাচিত স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে নির্মাণকাজের সঙ্গে সম্পৃক্ত করা যেতে পারে।
অন্তত এখন থেকে যেসব ভবন হবে, এগুলো নিয়মের মধ্যে আনতে পারলেও আমরা সামনে এগোতে পারব।

আলী আকবর মল্লিক
আলী আকবর মল্লিক

আলী আকবর মল্লিক: ঢাকার আশপাশসহ দেশের অনেক এলাকায় খাল, বিল, ঝিল ভরাট করে আবাসিক এলাকা গড়ে তোলা হচ্ছে। ভরাটের সময় অনেক ক্ষেত্রে পুরকৌশলের নিয়মকানুন মানা হয় না বলে ৬০-১০০ ফুট পাইলিং করার পরও ভিতে দুর্বলতা থেকে যায়। তা ছাড়া ভবন নির্মাণের ক্ষেত্রে ভূমিকম্পের পার্শ্বশক্তি বিবেচনা করা হয় না। এর ফলে সামান্য ভূমিকম্প ভবনকে ঝুঁকিপূর্ণ করে তোলে। এ ক্ষেত্রে রাজউকের নিয়ন্ত্রণব্যবস্থা থাকা দরকার।
একটি জমিতে ভবন নির্মাণ পরিকল্পনার প্রথম পদক্ষেপ হচ্ছে মাটি পরীক্ষা করা। এই পরীক্ষার কোনো সংক্ষিপ্ত পদ্ধতি নেই। মাটি পরীক্ষার ক্ষেত্রেও অনেক ধরনের অভিযোগ রয়েছে। এটা রাজউক–নির্ধারিত কোনো পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে তদারক করা যেতে পারে।
একজন স্থপতি ভূমিকম্পের বিষয় বিবেচনায় নিয়ে একটি ভারসাম্যপূর্ণ নকশা তৈরি করতে পারেন। কিন্তু অধিকাংশ নকশা ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণের অন্তরায়। রাজউকও এই বিষয়ে সচেতন বলে মনে হয় না। পাইল, বিম-কলাম ও স্লাবের জন্য যত শক্তির কংক্রিট ও রড ব্যবহারের নির্দেশনা থাকে, অধিকাংশ ক্ষেত্রে তা পরীক্ষা করে যাচাই করা হয় না। অথচ এটা যাচাই করা নির্মাণের অন্যতম পূর্বশর্ত। আবার এ ক্ষেত্রে পর্যাপ্ত গবেষণাগারের অভাবও রয়েছে।
নির্মাণ স্থাপনার পাশে নির্মাণকাজের অগ্রগতি-সংক্রান্ত একটি বোর্ড থাকা প্রয়োজন, যেখানে পাইল ও পাইলের কাস্টিং-সংক্রান্ত তথ্য থাকবে। কংক্রিট ও রডের শক্তি পরীক্ষার ফল থাকবে। এভাবে বিম-কলাম ইত্যাদি নির্মাণের অগ্রগতির তথ্য লেখা থাকবে। নির্মাণকাজ তদারকের জন্য শহরকে অনেকগুলো জোনে ভাগ করতে হবে। প্রতিটি জোনের জন্য একটি করে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করা প্রয়োজন।

আকতার মাহমুদ
আকতার মাহমুদ

আকতার মাহমুদ: দুর্যোগে ঝুঁকি হ্রাস করতে ইমারত নির্মাণের প্রতিটি পর্যায় অর্থাৎ ভূমি ব্যবহার পরিকল্পনা থেকে শুরু করে নকশা প্রণয়ন ও নির্মাণের প্রতিটি ক্ষেত্রে সুনির্দিষ্ট মান অনুসরণ করতে হবে।
১৯৯৩ সালে হাউস বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মাধ্যমে বিল্ডিং কোড প্রণীত হলেও মাঠপর্যায়ে প্রয়োগের জন্য আজ পর্যন্ত কোনো প্রশাসনিক কাঠামো গড়ে তোলা হয়নি। বর্তমানে ‘সংশোধিত বিল্ডিং কোড ২০১৫’–এর কাজ শেষ হয়েছে। এটা আইনি অনুমোদনের অপেক্ষায় আছে।
বর্তমানে বাংলাদেশে খুব দ্রুত হারে নগরের পরিসর বাড়ছে। বড় বড় শহরের পাশাপাশি উপজেলা শহর, এমনকি গ্রামগঞ্জের হাটবাজারেও এখন উঁচু ভবন নির্মিত হচ্ছে। অথচ ছোট শহর তো দূরের কথা, ঢাকাসহ বড় শহরগুলোতেও বিল্ডিং কোডের প্রয়োগ নিতান্ত সীমিত।
‘প্রস্তাবিত বিএনবিসি (বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড) ২০১৫’ অনুযায়ী দেশব্যাপী বিল্ডিং কোড প্রয়োগ, বাস্তবায়ন ও তদারকির জন্য ‘বাংলাদেশ ইমারত নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’ নামে একটি নিয়ন্ত্রক কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করতে হবে। এই কর্তৃপক্ষ বিল্ডিং কোড প্রণয়ন, সংশোধন, বাস্তবায়ন ও ভবন নির্মাণ-সংক্রান্ত সব নীতি প্রণয়ন করবে।
ইমারত নির্মাণ আইন ও কোড অমান্যকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং গণসচেতনতা বৃদ্ধি করতে হবে। নির্মাণশিল্পে নিয়োজিত রডমিস্ত্রি ও রাজমিস্ত্রিদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে সনদ প্রদানপূর্বক সংশ্লিষ্ট যেকোনো প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের তালিকাভুক্তির আওতায় নিয়ে আসতে হবে।

সাইট ইঞ্জিনিয়ার ও সুপারভাইজারকে বিল্ডিং কোড বাস্তবায়নের বিষয়ে যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

মোবাশ্বের হোসেন
মোবাশ্বের হোসেন

মোবাশ্বের হোসেন: যেকোনো দুর্যোগে আমরা প্রথম ডাকি ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সকে। কিন্তু এটা ভাবাও যায় না যে এই বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। দুর্যোগ মন্ত্রণালয়ে দেশি ও বিদেশ থেকে আসা বিভিন্ন রকম কার্যক্রম হয়। এর কোনো কাজেই ফায়ার ব্রিগেড অংশ নিতে পারে না।
আমাদের সবার দাবি থাকবে ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্স যেন দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে থাকে। ভারসাম্যপূর্ণ নির্মাণের জন্য স্থপতি ও প্রকৌশলীর মধ্যে কাজের সমন্বয় থাকা প্রয়োজন।
অনেক ক্ষেত্রে দেখা যায়, বিম ছিদ্র করে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বসানো হয়। এটা যেকোনো ভবনের জন্য মারাত্মক ক্ষতিকর।
গ্রামীণ ব্যাংক হলো বাংলাদেশের প্রথম ভবন, যেটা থ্রি ডাইমেনশনে করা হয়েছে। এই ভবন করার জন্য সফটওয়্যার ও এই সফটওয়্যার ব্যবহার করার মতো কম্পিউটার বাংলাদেশে ছিল না। দুটোই বিদেশ থেকে আমদানি করা হয়েছে। এবং বিশেষ ক্ষেত্রে কলামের শক্তি বাড়ানোর জন্য আমেরিকা থেকে কেমিক্যাল আমদানি করা হয়েছে।
রানা প্লাজা ধসের কারণ অনুসন্ধানের প্রতি ধাপে আমার সম্পৃক্ততা ছিল। ফাউন্ডেশন ভীষণ ভালো। এর অর্থ হলো, এ সময়ে প্রকৌশলী, পরামর্শকসহ সবাই উপস্থিত ছিল। পরে মনে হয়, স্থানীয় মিস্ত্রি মালিককে বলেছে যে এরা অনেক বেশি রড–সিমেন্ট দিচ্ছে। তারপর কন্ট্রাক্টর, পরামর্শক সবাইকে বের করে দেওয়া হলো। কন্ট্রাক্টর তার কাজের বিল না পেয়ে আত্মহত্যা করেছিলেন। কলামে দেখলাম বিভিন্ন গ্রেডের রড। কলাম ঠিকমতো ঢালাই হয়নি। ফলে এগুলো অনেক দুর্বল হয়েছে। ছাদ, বিম খুব শক্ত। ঢালাইয়ের দিন গরু জবাই করে খাওয়ানো হতো। সবাই উপস্থিত থাকতেন।

কলামের দুর্বলতার জন্যই রানা প্লাজা ভেঙে পড়েছিল। অত্যন্ত গুরুত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে ভবনের কলাম ঢালাই করা প্রয়োজন।

শওকত আলী মির্জা
শওকত আলী মির্জা

শওকত আলী মির্জা: শহর থেকে গ্রামের মানুষ দুর্যোগে বেশি ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে, উপকূল অঞ্চলের মানুষের দুর্ভোগের শেষ থাকে না। ইউএনডিপির একটি প্রকল্পের আওতায় খুলনা ও গোপালগঞ্জে গরিব মানুষের থাকার জন্য কিছু বাড়ি বানানো হয়েছে। কিন্তু এসব বাড়িতে চারজন মানুষ ঠিকভাবে থাকতে পারে না। এর জানালাগুলো পর্যন্ত ঠিকভাবে লাগানো হয়নি। এর কোনোটিরই বারান্দা নেই। বসবাসকারী ব্যক্তিরা মাটি ভরাট করে কোনো রকম বারান্দার মতো করেছে। এ ক্ষেত্রে বন্যায় পানির স্তর কী হবে, সেটা ভাবা হয়নি। এসব বাড়ি নির্মাণের সময় সেখানে কোনো স্থপতি বা প্রকৌশলী ছিল না। আমি প্রকল্পের শেষ পর্যায়ে গিয়ে আর কিছু করতে পারিনি। এনজিও এবং প্রকল্পের সঙ্গে জড়িত দু-একজন মিলে এটা করছে। অথচ এটা একটা খুবই ভালো প্রকল্প ছিল। সরকারের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এর সঙ্গে জড়িত ছিলেন। তারপরও এমন হয়েছে।
একটি বিশেষ প্রকল্পের আওতায় কম খরচে দুর্যোগ সহনীয় আবাসন হবে। এর সঙ্গে বুয়েট, এলজিইডিসহ সরকারের অন্যান্য প্রতিষ্ঠান যুক্ত থাকবে। বিদেশ থেকে কোরীয় একটি প্রতিষ্ঠানও যুক্ত থাকবে। সরকারের অর্থায়নে আমরা যদি ১০টি মডেল হাউস করতে পারি, তাহলে এটা হবে একটি দৃষ্টান্ত। পরবর্তী সময়ে জলবায়ু পরিবর্তনের তহবিল থেকে এ ধরনের অনেক আবাসন নির্মাণ করা যাবে।

আলী আহম্মদ খান
আলী আহম্মদ খান

আলী আহম্মদ খান: দুর্যোগের কোনো আগাম সংকেত থাকে না। তাই সরকারি, বেসরকারি, ব্যক্তি সব পর্যায়ে প্রস্তুতি জরুরি। দুর্যোগ মোকাবিলায় রাজউক ও সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
দুর্যোগ মোকাবিলায় যেসব প্রতিষ্ঠান কাজ করবে তাদের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। রাজউক, সিটি করপোরেশন, অগ্নিনির্বাপক প্রতিষ্ঠানসহ সবার মধ্যে ব্যাপক সমন্বয় প্রয়োজন। পুরান ঢাকায় রাস্তা অনেক সরু। ভবন অনেক পুরোনো। এ এলাকার ক্ষেত্রে একটা সিদ্ধান্ত নিতে হবে।
ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে পুরান ঢাকার ক্ষেত্রে উদ্যোগ নেওয়া দরকার। রাজউকের এ ব্যাপারে ভাবা প্রয়োজন। কিছু ভবন আছে যেগুলো ভাঙা ছাড়া বিকল্প কোনো উপায় নেই। কিছু আছে রেক্টোফিটিং (ভিত্তি মজবুতকরণ) করতে হবে। এর মাধ্যমে অনেক দুর্বল ভবন শক্ত করা যায়।
অনেক পুরোনো ভবন, পোশাকশিল্পের ভবন ইত্যাদি রেক্টোফিটিংয়ের মাধ্যমে শক্ত করা যাবে। আমরা ভবন মালিকদের অকুপেন্সি (ভবন ব্যবহারযোগ্য) সনদ নিতে বলেছি। কেউ কেউ নিয়েছে। অধিকাংশই এখনো নেয়নি।
ভবন নির্মাণের ক্ষেত্রে অনেকেই রাজউকের নকশা অনুযায়ী করেননি। তাই প্রত্যেকে যেন অকুপেন্সি সনদ নেয়, সেদিকটায় আমরা গুরুত্ব দিয়েছি।

দুর্যোগের সময় কীভাবে নিজেদের নিরাপদ রাখা যায়, এর চর্চা করা প্রয়োজন। আমাদের আপত্কালীন পরিকল্পনা থাকতে হবে। ৪৮ ঘণ্টার মধ্যে অধিকাংশ উদ্ধারকাজ শেষ করতে না পারলে জীবনহানি অনেক বেশি হবে।

তৌফিক এম সেরাজ
তৌফিক এম সেরাজ

তৌফিক এম সেরাজ: দেশের ভবন নির্মাণ নিয়ে যে ধরনের নেতিবাচক ধারণা রয়েছে, বাস্তব অবস্থা এর থেকে অনেক ভালো। দেশের অনেক পোশাকশিল্প রেক্টোফিটেড হয়েছে।
গত তিন থেকে চার বছর দুটো টেক্সটাইলস মিলস ও পোশাকশিল্প নির্মাণের সঙ্গে যুক্ত ছিলাম। এনভয় টেক্সটাইলস মিলসের সংবাদ প্রথম আলোতে এসেছিল। এটা আমাদের নির্মাণ করা। মানের বিচারে এটা লিড প্লাটিনাম বিভাগে পড়েছে। নির্মাণের মানের ক্ষেত্রে আমরা ​কোনো ধরনের ছা​ড় দি​ই না। আপনারা যদি আমাদের একটা সাইটে গোলটেবিল করেন, তাহলে বুঝতে পারবেন আমরা কী করি। ঢাকা শহরে কোন ধরনের নির্মাণ হচ্ছে, সেটা জানা প্রয়োজন। পেশাদারি প্রতিষ্ঠানগুলো এখন নির্মাণের ক্ষেত্রে ভালো কাজ করছে।
সরকারি খাতে নিয়ন্ত্রণ সংস্থা আছে। বেসরকারি খাতে নেই। বেসরকারি খাতকে কে নিয়ন্ত্রণ করবে, রাজউক? রাজউক বলবে আমার জনবল নেই। কোনো পরামর্শক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করলে এ প্রতিষ্ঠানের মান কে দেখবে? এ জন্য বেসরকারি প্রতিষ্ঠানের কাজ নিয়ন্ত্রণের জন্য স্বতন্ত্র প্রতিষ্ঠান থাকতে হবে। এখন যে কেউ একটা লাইসেন্স নিয়ে নির্মাণকাজ করছে। যত দিন এ অবস্থা চলবে, তত দিন নির্মাণ কখনোই মানসম্পন্ন হবে না। রড কোম্পানিগুলো বলে থাকে ভূমিকম্প সহনীয় রড। আসলে কোনো রডই ভূমিকম্প সহনীয় না। এসব ক্ষেত্রেও সতর্ক থাকা প্রয়োজন।

রাকিব আহসান
রাকিব আহসান

রাকিব আহসান: ইঞ্জিনিয়ারের সংখ্যা কম নয়। তাঁদের বেশি বেতন দিতে হয় বলে অনেকে কম বেতনে ডিপ্লোমাদের দিয়ে কাজ করেন। একটা প্রকল্প নির্মাণের সময় এর জীবনকাল নিয়ে চিন্তা করা হয় না। এটা একটা বড় ভুল। নির্মাণ শেষ হওয়া পর্যন্ত যা প্রয়োজন, শুধু এর ব্যবস্থা করা হয়।
উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা রোধের জন্য বোল্ডার ব্যবহার করা হয়েছিল। যেখানে বোল্ডার খারাপ ছিল, দুর্যোগের সময় সেখানে অনেক জীবনহানি হয়েছে। এই বোল্ডার রক্ষণাবেক্ষণের বিষয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। কিন্তু অর্থের সংস্থান হয়নি।
যেকোনো পরিকল্পনার সঙ্গে প্রকল্পের জীবনব্যাপী এর রক্ষণাবেক্ষণের বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। তদারকের বিষয়ে এখন সরকার গুরুত্ব দিচ্ছে। এখন সবাই বুঝতে পারছে, সুষ্ঠু তদারকের অভাবে অনেক ক্ষতি হচ্ছে।
দুর্যোগ মোকাবিলায় সরকারের অনেকগুলো উদ্যোগ আছে। এসব উদ্যোগের মধ্যেও সমন্বয়হীনতা রয়েছে। যেমন দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন বিদেশি সংস্থার অর্থায়ন রয়েছে। প্রত্যেকে তাদের মতো করে পরিকল্পনা করে। আমাদের বাস্তবতায় তাদের পরিকল্পনা কতটুকু গ্রহণযোগ্য, তা কেউ ভাবছে না। প্রয়োজন হচ্ছে সরকারের উচ্চ পর্যায় থেকে আমাদের প্রয়োজনের আলোকে পরিকল্পনা গ্রহণ। নির্মাণের ক্ষেত্রে সহসা কোনো সমাধান নেই। এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি উদ্যোগ। আমাদের স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার বইটা খুবই ভালো কিন্তু যেসব দেশের উদাহরণ নিয়ে এটা করা হয়েছে, তাদের দেশের শাসনপদ্ধতি আমাদের মতো নয়। ওসব দেশে মেয়র ও স্থানীয় সরকারের ব্যাপক ক্ষমতা রয়েছে।

প্রকৌশল ও স্থপতিদের মধ্যেও কখনো কোনো সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছিল বলে আমার জানা নেই। এসব বিষয় গুরুত্বের সঙ্গে ভাবতে হবে।

ইশরাত ইসলাম
ইশরাত ইসলাম

ইশরাত ইসলাম: খবরে দেখলাম, ১৯৯৬ সালে একটি স্কুল তৈরি হয়েছে। আজ মাত্র ২০ বছরে স্কুল ভেঙে গেছে। নির্মাণের গুণগত মানের ক্ষেত্রে ছাড় দেওয়া যাবে না। বাংলাদেশের অধিকাংশ গ্রামে এখন প্রবাসী রয়েছে। এদের প্রধান কাজই হলো প্রথমে একটা বাড়ি তৈরি করা। সে কোথা থেকে মানসম্পন্ন নির্মাণ উপকরণ কিনবে? কোথায় বা এগুলো পরীক্ষা করবে? দেশে এর ব্যবস্থা নেই।
পুরান ঢাকা, এমনকি গাউছিয়া মার্কেটের মতো জায়গাগুলো আমরা চিহ্নিত করতে পারি। গাউছিয়া মার্কেটে এত ধরনের দ্রব্য এক জায়গায় আছে যে মার্কেটের মধ্যে প্রবেশ করলে মাথা ঘুরতে থাকবে।
এখানে ভীষণ অপরিকল্পিত ব্যবস্থাপনা। সহজে আগুন ধরার মতো অনেক রাসায়নিক দ্রব্য আছে। পু​রান ঢাকা, গাউছিয়া মার্কেট এমন বেশি ঝুঁকিপূর্ণ ক্ষেত্রগুলোতে আমরা কিছু করার উদ্যোগ নিতে পারি।
রানা প্লাজা ধসের পর পোশাকশিল্পে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। পুরান ঢাকার নিমতলীতে আগুন লাগার পর আমাদে​র একটা সুযোগ এসেছিল এসব ক্ষেত্রে কাজ করার। কিন্তু সেটা হয়নি।

একজন প্রকৌশলী, স্থপতির পেছনে লেগে থাকার কিছু নেই। তিনি নিজের দায়বদ্ধতা থেকেই নির্মাণবিধি মেনে চলবেন। কিন্তু আমাদের দেশের বাস্তবতা ভিন্ন।

দুর্যোগ মোকাবিলায় প্রথম উদ্যোগ নিতে হবে কমিউনিটি থেকে। আমরা কাজ করতে গিয়ে দেখেছি অধিকাংশ ওয়ার্ড কমিশনার জানেন না দুর্যোগ মোকাবিলায় তাঁর একটা কমিটি থাকা প্রয়োজন।

২০১০-১১ সালে দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা করা হয়েছে। এ ক্ষেত্রে কাজ কী হয়েছে, জানি না। অধিকাংশ মালিক বাড়ি তৈরির সময় ২০ ফুট রাস্তা রাখেন না। সরু গলিতে বড় ভবন হচ্ছে। সর্বোপরি প্রতিটি প্রক্রিয়ার মধ্যে প্রচণ্ড অসততা রয়েছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে না পারলে আমাদের অবস্থার উন্নতি হবে না।

মো. আবদুল ওয়াহেদ
মো. আবদুল ওয়াহেদ

মো. আবদুল ওয়াহেদ: আমরা শুধু ঢাকা মহানগর নয়, সারা দেশে কী ধরনের অবকাঠামো হবে, সেটা নিয়ে কাজ করি। এনজিওদের কাজের একটা নীতিমালা থাকা দরকার। এ জন্য আমরা কাজ করছি। কারণ, এরা দাতা সংস্থার প্রয়োজন অনুসারে কাজ করে।
সারা দেশের কোন এলাকায় ঘরবাড়ি কেমন হবে, সেটা জরিপ করছি। এ কাজ শেষ হলে জরিপের ফলাফল সরকারের কাছে দেওয়া হবে। এ ব্যাপারে সরকার নিশ্চয়ই উদ্যোগ নেবে। বিএনবিসির (বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড) সঙ্গে আমরা সরাসরি জড়িত।
এটা নিয়ে আন্তমন্ত্রণালয় সভা করে আইন মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। এ মন্ত্রণালয় এসআরও করে দিলে বিএনবিসি আরও বেশি কার্যকর হবে। ঢাকা শহরে তিন কাঠা, দুই কাঠার ওপরও বাড়ি হয়। এ ক্ষেত্রে বাড়ির মালিক, রাজমিস্ত্রিসহ নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট সবার সচেতনতা জরুরি।

বাড়ির মালিককেই তদারকের ভূমিকা বেশি নিতে হয়। আমরা ‘নিজের বাড়ি নিজে করি’ নামে একটি উদ্যোগ নিয়েছি। এ উদ্যোগের আওতায় রাজমিস্ত্রিসহ কিছু প্রশিক্ষণ দিই। কারণ, যাঁরা ছোট বাড়ি করেন, তাঁরা এদের ওপর নির্ভরশীল থাকে।

আগে মানুষের মাটি পরীক্ষার প্রতি তেমন আগ্রহ ছিল না। এখন কিন্তু মানুষ বাড়ি করতে গেলেই আগে মাটির কথা চিন্তা করে। আমাদের কাছে মাটি পরীক্ষার জন্য আসে। তাই মাটি পরীক্ষার প্রতিষ্ঠানগুলো তালিকাভুক্ত থাকা দরকার। তাহলে মানুষ বুঝতে পারবে তার বাড়ির মাটি পরীক্ষার জন্য কোন প্রতিষ্ঠান যোগ্য।

মাটি পরীক্ষার প্রতিষ্ঠান তালিকাভুক্তির জন্য গণপূর্ত মন্ত্রণালয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। গ্রামে এখন পাকা ও আধা পাকা বাড়ি অনেক হচ্ছে। বগুড়ার আরডিএ (গ্রামীণ উন্নয়ন প্রতিষ্ঠান) থেকে সাতটা গ্রামে কতকগুলো চারতলা ভবন করা হবে। এ কাজের সঙ্গে আমরা সম্পৃক্ত আছি।

এ প্রকল্পে টেকসই বিকল্প নির্মাণ উপকরণ ব্যবহার করা হবে এবং কৃষিজমির অপব্যবহার হ্রাস করা হবে। নদীভাঙনসহ বিভিন্ন দুর্যোগপ্রবণ এলাকার আবাসন পরিকল্পনা আমরা করছি।

মাদানী এম ইমতিয়াজ হোসেন
মাদানী এম ইমতিয়াজ হোসেন

মাদানী এম ইমতিয়াজ হোসেন: একসময় আমাদের ভবন নির্মাণের উপকরণ বিদেশ থেকে আনতে হতো। যখন মতিঝিল, দিলকুশায় শিল্পব্যাংক হয়, তখন জাপান থেকে রড আনা হয়েছিল। এখন আমাদের দেশ থেকে নির্মাণ উপকরণ বিদেশে রপ্তানি হয়।
আমরা যদি মানসম্মত নির্মাণ উপকরণ দিয়ে মানসম্মত ভবন নির্মাণ করি, তাহলে অনেকাংশ দুর্যোগ মোকাবিলা করা সম্ভব। প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও মানুষের সৃষ্টি অনেক দুর্যোগ আছে। ঢাকার বাইরেও এখন বড় হাইরাইজ ভবন হচ্ছে। এসব হচ্ছে ব্যক্তি খাতে। যারা এ কাজের সঙ্গে যুক্ত, তাদের যোগ্যতা নিয়ে অনেক প্রশ্ন আছে। ভবন নির্মাণের জন্য মাটি পরীক্ষারও তেমন কোনো ব্যবস্থা নেই। ঠিকমতো পাইলিং হচ্ছে না। মালিকের অজ্ঞতা আছে, অবহেলা আছে।|
দুর্যোগ প্রতিরোধের জন্য আইনের প্রয়োগ দরকার। নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে নিয়ন্ত্রণ দরকার। মানুষকে সচেতন করাও জরুরি। প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে আমরা যেন মানুষের সৃষ্ট দুর্যোগের ক্ষেত্রেও সতর্ক থাকি।

খুুরশীদ জাবিন হোসেন
খুুরশীদ জাবিন হোসেন

খুরশীদ জাবিন হোসেন: দুর্যোগ মোকাবিলার জন্য আমরা মানসিকভাবে কতটুকু প্রস্তুত? কাজটা খুব কঠিন বলে মনে হয় না। কিন্তু এর জন্য আমাদের মানসিকতা আছে কি না, সেটা বড় প্রশ্ন।
২০১১ সালে দুর্যোগ মন্ত্রণালয় ও আমাদের মন্ত্রণালয়ের মধ্যে একটা চুক্তি হয়। এই চুক্তির আলোকে দুর্যোগ নিয়ে অনেক ধরনের আইনকানুন, বিধিবিধান হয়, যা বিশ্বে নন্দিত। কিন্তু এর প্রয়োগ হবে কীভাবে? এর জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।
২০১৫ সালে ময়মনসিংহে ভূমি ব্যবহার পরিকল্পনার মাধ্যমে একটি পাইলট প্রকল্প করা হয়। এ প্রকল্প করতে গিয়ে আমরা অনেক ভুল করেছি। ভুল থেকে অনেক শিখেছি। এবং আমরা সফল হয়েছি। জাতিসংঘ আমাদের এ প্রকল্প গ্রহণ করেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এটি প্রয়োগ করা হবে। বিশেষ করে, ভূমিকম্পের বিষয়টি এই পরিকল্পনায় গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ময়মনসিংহের ৪০ কিলোমিটার দূরে ডাউকি ফল্ট রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এটা ভূমিকম্পপ্রবণ এলাকা। কিন্তু স্থানীয় মানুষ মনে করে, ভূমিকম্প হয় না। ভূমিকম্প নিয়ে তাদের সঙ্গে বৈঠক করলাম। বয়স্ক মানুষ তাঁদের ছোটবেলায় ব্রহ্মপুত্র নদ দিয়ে বড় গাছ, বিভিন্ন প্রাণীর মৃতদেহ ভেসে যেতে দেখেছে। এটি হয়েছে ভূমিকম্পের জন্য। তারা মেনে নিল বড় ধরনের ভূমিকম্প হয়েছে। আবারও হতে পারে।

বাড়ির পাশে ২০ ফুট রাস্তা কেউ ছাড়তে চায় না। রাস্তা না থাকলে ভূমিকম্পের সময় কী পরিস্থিতি হবে, সেটা বোঝানোর পর সবাই রাস্তা ছাড়তে রাজি হলো। পরে স্থানীয় মানুষ নিজেরাই তাদের সমস্যা বের করল। সমাধানেরও উদ্যোগ নেওয়া হলো। স্থানীয় প্রশাসন, সাধারণ মানুষ ও আমরা যারা ঢাকা থেকে গিয়েছি, সবাই একসঙ্গে কথা বলেছি, কাজ করেছি।

আব্দুল কাইয়ুম: দুর্যোগ মোকাবিলা করতে হলে সবাইকে সচেতন করতে হবে। নির্মাণ উপকরণ যেন মানসম্পন্ন হয়, সেদিকটাও গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। নির্মাণ সাইটে প্রয়োজনে স্থপতি, প্রকৌশলী থাকতে হবে। রাজমিস্ত্রি ও রডমিস্ত্রিদের প্রশিক্ষণ থাকা প্রয়োজন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব বিষয়ে মনোযোগ দেবে বলে আশা করি। প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

যাঁরা অংশ নিলেন 

আলী আহম্মদ খান       :   মহাপরিচালক, ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্স

খুরশীদ জাবিন হোসেন  :   পরিচালক, নগর উন্নয়ন অধিদপ্তর

শওকত আলী মির্জা      :   ডিরেক্টর, ক্লাইমেট চেঞ্জ, পরিবেশ অধিদপ্তর

মোবাশ্বের হোসেন      :   সাবেক সভাপতি, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট, সুপ্রিম কোর্ট

মো. আবদুল ওয়াহেদ    :   প্রিন্সিপাল রিসার্চ ইঞ্জিনিয়ার, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট

তৌফিক এম সেরাজ    :   ব্যবস্থাপনা পরিচালক, শেল্‌টেক্‌

আলী আকবর মল্লিক    :   কাঠামো প্রকৌশলী, ভূমিকম্প বিশেষজ্ঞ এবং বাংলাদেশ আর্থকোয়েক সোসাইটির সাবেক মহাসচিব

আবদুল মালেক সিকদার      :      সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর

ইশরাত ইসলাম         :   অধ্যাপক, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, বুয়েট

রাকিব আহসান         :   অধ্যাপক, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বুয়েট

আকতার মাহমুদ        :   সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্ল্যানার ইনস্টিটিউট ও অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

এ মজিদ চৌধুরী        :   ইঞ্জিনিয়ার, উপদেষ্টা, ক্রাউন সিমেন্ট

মাদানী এম ইমতিয়াজ হোসেন      :           নির্বাহী পরিচালক, জিপিএইচ ইস্পাত প্ল্যান্ট

সঞ্চালক

আব্দুল কাইয়ুম           : সহযোগী সম্পাদক, প্রথম আলো