দুর্যোগ-সক্ষমতা তৈরির উদ্যোগ অপ্রতুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ উপকূলের মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়লেও পরিস্থিতি মোকাবিলায় তেমন কোনো প্রস্তুতি নেই। এ-সম্পর্কিত কোনো তথ্য-উপাত্তও ভুক্তভোগীদের কাছে পৌঁছাচ্ছে না।
বেসরকারি পর্যায়ে জেলার ১২টি ইউনিয়নে সীমিতভাবে পয়োনিষ্কাশন, খাপ খাওয়ানো ও সচেতনতামূলক কিছু কর্মসূচি চালু থাকলেও বেশির ভাগ ভুক্তভোগীর সক্ষমতা অর্জনের কোনো উদ্যোগ নেই।
বরগুনা সদরের ডালভাঙ্গা গ্রামের জেলে মোসলেম আলী বলেন, ‘কয় বছর ধইর‌্যা ঘন ঘন বইন্নার সিঙ্গাল দেয়, নদীতে জাল ফালাইলে আগের মতো মাছ পাই না, আমাবইস্যা-পূন্নিমায় বাড়িঘর তলাইয়্যা যায়।’
তালতলী উপজেলার সোনাকাটা গ্রামের কৃষক শুক্কুর আলী বলেন, ‘সিডরের পর অইতে খেতে ধান অয় না। জোয়ারের পানিতে জমি তলাইয়্যা যাওনে মাটি লবণাক্ত অইয়্যা গ্যাছে। কেউ কোনো পরামর্শও দেয় না।’
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, বরিশাল অঞ্চলে বর্ষা মৌসুমে প্রতি মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ৫১৯ মিলিমিটার। পাউবো বরগুনার বারিপাত শাখার উপাত্তে দেখা যায়, ২০০৭ সালের জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে বৃষ্টিপাত হয়েছে এক হাজার ৮৩৬ মিলিমিটার। ২০০৮ সালের একই সময়ে এক হাজার ৯২১ মিলিমিটার, ২০০৯ সালে এক হাজার ২৮০ মিলিমিটার, ২০১০ সালে ৯১২ মিলিমিটার, ২০১১ সালে এক হাজার ৭১২ মিলিমিটার এবং ২০১২ সালে এক হাজার ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
পাউবোর জোয়ার পরিমাপক শাখার তথ্য অনুযায়ী, ২০০৪ সালে বরগুনার নদ-নদীতে জোয়ারের সর্বোচ্চ উচ্চতা ছিল ৩ দশমিক ৪৫ মিটার। ২০০৫ সালে তা ছিল ৩ দশমিক ৫১ মিটার, ২০০৬ সালে ২ দশমিক ৯৬ মিটার, চলতি বছরের ১৬ মে ঘূর্ণিঝড় মহাসেনে জোয়ারের উচ্চতা ছিল ৩ দশমিক ৩৬ মিটার।
কয়েক বছর ধরে মে থেকে নভেম্বর পর্যন্ত অমাবস্যা ও পূর্ণিমার প্রতিটি জোয়ারের উচ্চতা তিন মিটারের বেশি ছিল। এই অঞ্চলে জোয়ারের স্বাভাবিক উচ্চতা ২ দশমিক ৮৫ মিটার। ২০০৭ সালে বঙ্গোপসাগরে ২২টি নিম্নচাপ হয়। ২০০৮ সালের জানুয়ারি থেকে ২০১০ সালের জুন পর্যন্ত আড়াই বছরে ১০টি ঘূর্ণিঝড়, ৫০টি নিম্নচাপ এবং ১৩০টিরও বেশি লঘুচাপের সৃষ্টি হয়।
আন্তর্জাতিক সংস্থা অক্সফাম ও কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের অর্থায়নে বরগুনার ১২টি ইউনিয়নে পয়োনিষ্কাশন, খাপ খাওয়ানো, সচেতনতা বৃদ্ধিমূলক প্রকল্প বাস্তবায়ন করছে। প্রায় ১০ লাখ জন-অধ্যুষিত জেলার সিংহভাগ মানুষই এই কার্যক্রমের আওতায় নেই। ফলে দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক কোনো তথ্য-উপাত্ত তাঁদের কাছে পৌঁছাচ্ছে না বলে দুর্যোগ প্রশমনে তাঁরা সক্ষমতা অর্জনের সুযোগ পাচ্ছেন না।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন আ ক ম মোস্তফা জামান বলেন, ‘এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার এই পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা সৃষ্টি ও খাপ খাইয়ে চলার জন্য জনগোষ্ঠীকে উপযোগী করা।’