দুর্যোগকবলিত, দরিদ্র ও প্রান্তিক নারী গুরুত্ব পাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্যোগকবলিত, দারিদ্র্যের শিকার এবং প্রান্তিক জনগোষ্ঠীর নারীরা গুরুত্ব পাচ্ছেন জাতীয় নারী উন্নয়ন নীতিতে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকার ১৯৯৭ সালের জাতীয় নারী উন্নয়ন নীতি পুনর্বহালের জন্য যে খসড়া করেছে, তা প্রায় চূড়ান্ত। আগামী মাসে তা মন্ত্রিসভায় উত্থাপন করা হতে পারে।মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ১৯৯৭ সালের নীতিকে ‘যুগোপযোগী’ করার কাজ চলছে। এখনো কিছুটা কাজ বাকি আছে। তবে আশা করা হচ্ছে, আগামী সেপ্টেম্বর মাসেই তা মন্ত্রিসভায় উত্থাপন করা হবে।তবে নারী ও মানবাধিকারকর্মীরা অসন্তোষ প্রকাশ করছেন। তাঁরা নীতিটির দ্রুত বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন। কারণ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে আনুষ্ঠানিকভাবে এ নীতির ঘোষণা দেওয়া হবে এমন কথা সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল।শিরীন শারমিন চৌধুরী বলেন, পারিবারিক সহিংসতাবিষয়ক আইন সংসদে উত্থাপন, শিশুনীতির খসড়া চূড়ান্ত করাসহ কয়েকটি বিষয় নিয়ে মন্ত্রণালয় ব্যস্ত ছিল। তাই নারীনীতির বিষয়টি কিছুটা পিছিয়ে। তিনি বলেন, নীতির আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও সরকার নারীর উন্নয়নে বিভিন্ন কাজ এগিয়ে নিচ্ছে।২০০৯ সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালের নারীনীতি পুনর্বহাল ও বাস্তবায়নের ঘোষণা দেন। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও এ অঙ্গীকার ছিল। সরকার নীতি সংশোধন করতে একটি মতবিনিময় সভারও আয়োজন করে।বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, ছয় মাস আগে নীতিতে অন্তর্ভুক্ত করার জন্য সরকারকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে লিখিত সুপারিশ দেওয়া হয়েছে। এত দিনেও খসড়াটি চূড়ান্ত হয়নি। তিনি বলেন, সরকার সংবিধান সংশোধনের মতো অনেক গুরুত্বপূর্ণ কাজ করছে বলে কিছু সময় হয়তো দেওয়া যেতে পারে। তবে বেশি দেরি হলে নারী অধিকার কর্মীরা আন্দোলন করবেন।এ পর্যন্ত ১৯৯৭, ২০০৪ ও ২০০৮ সালে তিনটি নারীনীতি হয়েছে। ১৯৯৭ সালের ৮ মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী প্রথম জাতীয় নারী উন্নয়ন নীতি ঘোষণা করেছিলেন। কিন্তু বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ২০০৪ সালের মে মাসে ’৯৭-এর নীতিটি গোপনে সংশোধন করে। ওই সংশোধনীতে নারীর সমঅধিকারের বিষয়টি বাদ দেওয়া হয়। প্রতিবাদে আন্দোলনে নামেন নারী ও মানবাধিকারকর্মীরা।তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসে ২০০৪ সালের নীতিটি বাতিল করে। ২০০৮-এর ২৪ ফেব্রুয়ারি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ ‘জাতীয় নারী উন্নয়ন নীতি ২০০৮’ অনুমোদন করে। কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও মৌলবাদী গোষ্ঠী তখন এই সংশোধিত নীতি, বিশেষ করে সম্পত্তির অধিকারের বিষয়ে বিরোধিতা করে।গত ৮ জুলাই সিরডাপ মিলনায়তনে একটি অনুষ্ঠানে মানবাধিকারকর্মী হামিদা হোসেন বলেছিলেন, ক্ষমতাসীন দল নির্বাচনী ইশতেহারে নীতিটি পুনর্বহালের অঙ্গীকার করেছিল। দেড় বছর পার হলেও তার লক্ষণ দেখা যাচ্ছে না। তিনি বলেন, নীতিটি পুনর্বহালের দাবিতে আন্দোলন করতে হবে।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, নারী আন্দোলনের পক্ষ থেকে বিভিন্ন সভা-সেমিনারে সরকারকে নীতির বিষয়ে তাগিদ দেওয়া হচ্ছে। স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার বলেন, সম্পত্তি এবং বিবাহ ও বিবাহ বিচ্ছেদে নারী-পুরুষের সমান অধিকার, জাতীয় সংসদে সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনে সুনির্দিষ্ট সময় নির্ধারণ, নাগরিকত্ব আইনসহ বিভিন্ন বিষয় নীতিতে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, ‘সরকার সময় নিচ্ছে নিক, কিন্তু সুপারিশগুলো যেন অন্তর্ভুক্ত হয়, সেটাই আমাদের কাম্য।’মন্ত্রণালয় সূত্র বলছে, বিভিন্ন সংগঠনের বেশ কিছু সুপারিশ অন্তর্ভুক্ত করে নীতি চূড়ান্ত করা হচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগকবলিত, দারিদ্র্যের শিকার এবং প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের বিষয় জাতীয় নারী উন্নয়ন নীতিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে।