দুর্যোগকবলিত উত্তর রাজাপুর এবার টর্নেডোর শিকার
ভাঙন-ঝড়-জলোচ্ছ্বাস ও অস্বাভাবিক জোয়ারসহ নানা দুর্যোগকবলিত ভোলার উত্তর রাজাপুরে এবার আঘাত হেনেছে টর্নেডো। গত রোববার রাতে মাত্র চার-পাঁচ মিনিটের টর্নেডোতে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের তিনটি গ্রামের আড়াই শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। এসব পরিবারের মানুষ এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছে।
গত সোমবার সকাল নয়টার দিকে ইউনিয়নের দক্ষিণ রাজাপুরে নামতেই চোখে পড়ে ঝড়ের ধ্বংসযজ্ঞ। খেয়াঘাটে চার-পাঁচটি দোকান বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। ইলিশা নদী পার হয়ে উত্তর রাজাপুরে গিয়ে দেখা যায়, দুই শতাধিক বিধ্বস্ত ঘর এবং গাছপালা উপড়ে পড়ে আছে। ক্ষতিগ্রস্ত লোকজন চাল, বই, বিছানা-বালিশ, মুদি দোকানের মালামাল শুকাচ্ছে। উড়ে যাওয়া টিনগুলো কুড়িয়ে জড়ো করছে।
ইলিশা নদীর অদূরে বাস করেন উত্তর রাজাপুরের ২৭ দাগ গ্রামের জয়নাল হাওলাদার। টর্নেডোতে তাঁর ঘর বিধ্বস্ত হয়েছে। জয়নালের ভাষ্যমতে, একসময় তিনি বঙ্গেরচরে অনেক জমিজমার মালিক ছিলেন। কিন্তু মেঘনার ভাঙনে গত সাত বছরে তিনি দশবার বাড়ি হারিয়েছেন।
এর মধ্যে চলতি বছরেই দুবার ভেঙেছে। ভাঙনের পাশাপাশি এ বছর ঝড়, অস্বাভাবিক জোয়ার ও জলোচ্ছ্বাস লেগেই আছে। ঝড়ে ঘর ভেঙেছে দুবার। দুর্যোগ মোকাবিলা করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন।
জয়নালের মতোই অবস্থা উত্তর রাজাপুরের নুর ইসলাম মাঝি, মাইনুর, মমতাজ, সেকেন্দার চৌকিদার, সেন্টু হাওলাদার, হারুন হাওলাদার, মফিজুল ইসলাম, ফারুক মিয়া, কুলসুম বিবি, হাসেম হাওলাদার, আবদুল খালেক হাওলাদার, আফজাল মাঝি, সিরাজ হাওলাদারসহ কয়েক শ পরিবারের। তারা এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। উত্তর রাজাপুরের কাপেরহাট-সুলতানী সড়কের পাশের অর্ধশতাধিক ঘর উড়ে গেছে। বিধ্বস্ত হয়েছে সড়কের পাশের রামদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সহকারী শিক্ষক মনিরুল ইসলাম বলেন, বিদ্যালয়ের ২৩৫ জন শিক্ষার্থী। সামনে তাদের বার্ষিক পরীক্ষা। অনেক শিক্ষার্থীর বই-খাতা ঝড়ে উড়ে গেছে।
গত সোমবার সরেজমিন পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘মেঘনার মাঝে অবস্থিত উত্তর রাজাপুর এলাকা পানি উন্নয়ন বোর্ডের আওতাভুক্ত নয়। ভাঙনে এলাকাটি ছোট হচ্ছে; কিন্তু ভাঙন ও বন্যা প্রতিরোধে কোনো কাজ করা যাচ্ছে না। ফলে সারা বছরই এলাকাটি দুর্যোগকবলিত থাকে। গত রোববার ঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য পাঁচ মেট্রিক টন চাল বরাদ্দ হয়েছে। ভাঙনকবলিতদের পুনর্বাসনের জন্য আমরা পাঁচটি আশ্রয়কেন্দ্র করার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছি।’