দুর্যোগকালীন মা ও শিশুদের ঝুঁকি হ্রাসে কর্মপরিকল্পনা
দুর্যোগকালীন মা ও শিশুদের ঝুঁকি হ্রাসের জন্য কুড়িগ্রাম জেলার নয়টি উপজেলার নয়টি ইউনিয়নে একটি কমিউনিটি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। বেসরকারি সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) উদ্যোগে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। ১৪ দিনব্যাপী (১৫ থেকে ২৮ সেপ্টেম্বর) এ কর্মপরিকল্পনার অধীন কর্মসূচি উদ্বোধন করেন যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল গফুর। রিক সূত্রে জানা গেছে, দুর্যোগকালীন জ্ঞান, চিকিৎসাসেবার মান ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, মা ও শিশুসহ বৃদ্ধদের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ, চিকিৎসাকেন্দ্র স্থাপন, দুর্যোগপূর্ব চলাকালীন ও দুর্যোগ-পরবর্তী সময়ে সহায়তা বৃদ্ধি করার জন্য এ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রিক প্রকল্পের প্রশিক্ষক হারুন বিশ্বাস বলেন, ‘ইউনিয়ন পর্যায়ে কর্মপরিকল্পনার মাধ্যমে আমরা দুর্যোগকালীন সময়ে মা ও শিশুদের ঝুঁকি কমিয়ে আনার উদ্যোগ নিয়েছি।’