দুর্যোগকালে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর
প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে দেশের মানুষকে রক্ষায় সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি তাঁদের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা সিটি করপোরেশন এবং কোস্টগার্ড কর্তৃপক্ষের কাছে দুর্যোগ মোকাবিলার বিভিন্ন সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। পরে প্রধানমন্ত্রী সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নবনির্মিত আউটডোর কমপ্লেক্সের উদ্বোধন করেন। খবর বাসসের।সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ‘দুর্গত মানুষকে রক্ষার জন্য প্রাকৃতিক দুর্যোগের সময় এবং দুর্যোগ-পরবর্তীকালে জরুরি সেবা কার্যক্রম বেগবান করতে হবে। বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চলে থাকায় প্রাকৃতিক দুর্যোগ থেকে জনগণ ও সম্পদ রক্ষায় সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে।’প্রধানমন্ত্রী ভূমিকম্প-পরবর্তী সময়ে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথাও জানান অনুষ্ঠানে। তিনি বলেন, সম্প্রতি সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর, পদাতিক, গোলন্দাজ এবং অন্যান্য কোরের কর্মকর্তা ও সম্পদ অনুযায়ী ভারী, মাঝারি ও হালকা—এই তিন শ্রেণীতে অনুসন্ধান ও উদ্ধারকারী দল গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসিত কুমার মুকুট বক্তব্য দেন।এর আগে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের কাছে বিভিন্ন যন্ত্রপাতির কাগজপত্র হস্তান্তর করেন। এই যন্ত্রপাতির মধ্যে রয়েছে আটটি খননযন্ত্র, চারটি ক্রেন, আটটি ফর্ক লিফটার, ১২ জন ধারণক্ষমতাসম্পন্ন লোকেটর সিস্টেম, ১২টি মোবাইল ইউনিট, আটটি জেনারেটর, ১৬টি কংক্রিট কাটার, ১২টি এয়ার কমপ্রেশার, ১২টি পাওয়ার চেইন-স, ১২টি মাল্টিপারপাস কাটার, ১৬টি গ্যাস কাটার, চার হাজার রাবল রিমুভিং ব্যাগ, ১৬টি তাঁবু এবং ৯০০ কেমিক্যাল লাইট স্টিক (এক ধরনের বিস্ফোরক)। পরে প্রধানমন্ত্রী সেনানিবাসে সিএমএইচে নবনির্মিত আউটডোর কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন।