দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ফেরিসহ সব ধরনের নৌচলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পদ্মা নদীতে ঝোড়ো হাওয়ার কারণে নৌপথে দুর্ঘটনা এড়াতে সোমবার বেলা ১১টা থেকে নৌচলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) মাদারীপুর ও কাঁঠালবাড়ি ফেরিঘাট সূত্র জানায়, আজ সকাল থেকে আকাশ কালো মেঘে ছেয়ে যায়। আর ঝোড়ো হাওয়া বইতে থাকে। এ অবস্থায় বেলা ১১টার দিকে নৌপথে দুর্ঘটনা এড়াতে ১৭টি ফেরি, ৮৫টি লঞ্চ ও ২৫০টি স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে ঘাটের দুই পারে দুই শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
মাদারীপুর থেকে ঢাকাগামী যাত্রী কাওসার হোসেন প্রথম আলোকে বলেন, ‘সকাল সাড়ে ১০টায় কাঁঠালবাড়ি ঘাটে এসে পৌঁছাই। এর কিছুক্ষণ পরই শুরু হয় ঝোড়ো বাতাস আর ঝিরিঝিরি বৃষ্টি। এরপরই ফেরি চলাচল বন্ধ করে রাখা হয়।’
কাঁঠালবাড়ি ঘাটের ট্রাফিক পুলিশের উপপরিদর্শক কুশল কুমার সাহা প্রথম আলোকে বলেন, আবহাওয়া খারাপ থাকায় আজ বেলা ১১টা থেকে ঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। এতে ঘাট এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।
একই তথ্য জানিয়েছেন বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন মিয়া।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক খালিদ নেওয়াজ আজ প্রথম আলোকে জানান, সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। বেলা ১১টার দিকে নদীতে বৃষ্টি ও প্রচণ্ড ঝোড়ো হাওয়া শুরু হয়। তাই দুর্ঘটনা এড়াতে ওই সময় শিমুলিয়া ঘাট থেকে ফেরিসহ সব ধরনের নৌযান পারাপার বন্ধ করে দেওয়া হয়। ওই সময় শতাধিক যাত্রী নিয়ে দুটি ড্রাম্প, একটি রো রো-সহ মোট তিনটি ফেরি মাঝপদ্মায় নোঙর করে রাখা হয়।