দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চার দিন ধরে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে ঘাট এলাকায় প্রায়ই যানজট তৈরি হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে থেমে থেমে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছে। এতে নদীতে উত্তাল ঢেউয়ের সৃষ্টি হচ্ছে। দুর্ঘটনা এড়াতে মাঝমধ্যে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি, লঞ্চসহ সব নৌযান চলাচল বন্ধ রাখতে হচ্ছে। বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৬টি ফেরি আছে। এর মধ্যে ১৫টি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
সূত্র জানায়, বৈরী আবহাওয়ার কারণে গত বুধবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা, শুক্রবার বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা এবং রোববার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখতে হয়।
পাটুরিয়া ঘাটসংশ্লিষ্ট সূত্র এবং পরিবহন শ্রমিক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিকূল আবহাওয়ার কারণে ফেরি বন্ধ থাকায় পারাপার বিঘ্নিত হচ্ছে। এতে সৃষ্ট যানজটে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। সকালের দিকে পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের চাপ বেড়ে যাচ্ছে। গতকাল সোমবার দুপুর ১২টা পর্যন্ত এ ঘাটে শতাধিক যাত্রীবাহী বাস ও শতাধিক পণ্যবাহী ট্রাক নদী পারাপারের জন্য অপেক্ষায় ছিল।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, নদীতে উত্তাল ঢেউয়ে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।