দুর্যোগপ্রবণ এলাকার মানুষ খাদ্যনিরাপত্তাহীনতায় ভোগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব খাদ্য কর্মসূচির নতুন গবেষণায় বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিপ্রবণ অঞ্চলের মানুষ জীবনভর খাদ্যনিরাপত্তাহীনতায় ভোগে। বন্যা, খরা, ঘূর্ণিঝড়, নদীভাঙন, জমিতে লবণাক্ততার কারণে মানুষ ভিটেছাড়া হয়। শহরের বস্তিতে এসেও তারা খাদ্যনিরাপত্তাহীনতায় ভোগে।
জাতীয় প্রেসক্লাবে গতকাল বৃহস্পতিবার আয়োজিত এক সেমিনারে এ নিয়ে দুটি গবেষণার তথ্য প্রকাশ করা হয়। সেমিনারে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) এদেশীয় প্রতিনিধি ক্রিস্টিনা রাডার বলেন, গ্রামাঞ্চলের খাদ্যনিরাপত্তাহীনতার সঙ্গে শহরের বস্তিবাসী মানুষের একটা গভীর সম্পর্ক রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষের খাদ্যনিরাপত্তা হুমকির মুখে পড়ে। আয়-রোজগারের জন্য শহরাঞ্চলে এসে বস্তিতে ওঠে। এখানেও খাদ্যনিরাপত্তা সব সময় নিশ্চিত হয় না এই মানুষদের।
একটি গবেষণায় ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের প্রধান গবেষক ক্রিস বেনে আলাদাভাবে বন্যা, আকস্মিক বন্যা, নদীভাঙন, খরা, জমিতে লবণাক্ততা ও ঘূর্ণিঝড়ের প্রভাব খতিয়ে দেখেছেন। তিনি বলেন, দুর্যোগভেদে দুর্গত এলাকাগুলোয় খাদ্যনিরাপত্তাহীন পরিস্থিতি বিরাজ করে নয় মাস পর্যন্ত। প্রাকৃতিক দুর্যোগের পরপর খাবারের সংকট দেখা দেয়। কিছুদিন পর বাজারে খাবার পাওয়া গেলেও তা কিনে খাওয়ার ক্ষমতা থাকে না দরিদ্র মানুষের। ফলে মানুষ তখন আর কোনটি পুষ্টিকর খাবার, কোনটি নয়, তা নিয়ে ভাবে না। ক্ষুধা নিবৃত্তির জন্য খায়।
গবেষণায় বলা হয়েছে, দুর্যোগপ্রবণ এলাকাগুলোয় মানুষ যখন ভিটেমাটি, গরু-ছাগল সব হারায়, সে সময় পুষ্টির বিষয়টা তাদের কাছে গৌণ হয়ে যায়। শিশুদের পুষ্টিচাহিদা পূরণ করতে গিয়ে মায়েরা কষ্ট করেন।
অপর গবেষণায় বলা হয়, দুর্যোগপ্রবণ এলাকা থেকে মানুষ বরিশাল, সিরাজগঞ্জ ও ঢাকার বস্তিতে আসার পর আবারও দুর্যোগে পড়ে। বেশির ভাগ ক্ষেত্রে খাদ্যচাহিদা পূরণ হয় না এদের। ২০০৬ সালে বিশ্ব খাদ্য কর্মসূচি ও ইফপ্রি বস্তির খাদ্যনিরাপত্তা নিয়ে গবেষণা করে। ডব্লিউএফপির জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক আরিফিন আক্তার বলেন, ২০১৩ সালে তাঁরা ২০০৬ সালের তুলনায় খুব একটা পরিবর্তন দেখেননি। সে সময় গবেষণার আওতাভুক্ত এলাকার ৪৮ শতাংশ মানুষ দৈনিক প্রয়োজনীয় ২ হাজার ১২২ কিলোক্যালরি খাবার পেত না। ঢাকার বস্তি এলাকার অর্ধেক এবং বরিশালের বস্তির ৬৩ শতাংশ মানুষ এখনো প্রয়োজনীয় ক্যালরির চাহিদা পূরণ করতে পারছে না। সিরাজগঞ্জের বস্তিতে ৬৮ শতাংশ পরিবার ধারাবাহিকভাবে খাদ্যনিরাপত্তাহীনতায় রয়েছে।
গবেষকেরা শহরাঞ্চলের বস্তিবাসীদের আনুষ্ঠানিক আর্থিক খাতের সঙ্গে সম্পৃক্ত করার এবং সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন। তাঁরা বলেন, খাদ্যনিরাপত্তাহীনতা পুরোপুরি দূর করা না গেলেও ২০০৬ থেকে ২০১৩ সালের মধ্যে খর্বাকৃতি শিশুর হার ৭ শতাংশ এবং কৃশকায় শিশুর হার ৩ শতাংশ পর্যন্ত কমেছে।
গবেষণায় সহযোগিতা দিয়েছে স্প্যানিশ সরকারের এমডিজি অ্যাচিভমেন্ট ফান্ড।