দুর্যোগে কিশোরীদের প্রজনন স্বাস্থ্যঝুঁকি বাড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাভাবিক পরিস্থিতিতে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য পরিবারে ও সমাজে খুব গুরুত্ব পায় না। দুর্যোগ পরিস্থিতিতে কৈশোর স্বাস্থ্য আরও নাজুক অবস্থার মধ্যে পড়ে। বিশেষ করে কিশোরীরা যৌন হয়রানির শিকার হয়, তারা প্রজনন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়।
‘দুর্যোগে কৈশোর প্রজনন স্বাস্থ্য অধিকার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশগ্রহণকারী ব্যক্তিরা এসব কথা বলেন। গতকাল শনিবার প্রথম আলোর কার্যালয়ে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। বেসরকারি প্রতিষ্ঠান প্ল্যান বাংলাদেশ বৈঠক আয়োজনে সহযোগিতা করে। আলোচনায় একাধিক মন্ত্রণালয়ের কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিকেরা অংশগ্রহণ করেন।
মূল উপস্থাপনায় প্ল্যান বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মুনির হোসেন বলেন, শিশু ও বৃদ্ধদের বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে উপকূলের জেলাগুলোতে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে। দুর্যোগের সময় এসব কেন্দ্রে আসা কিশোরীরা নানা প্রতিকূলতার মুখে পড়ে। তাদের জন্য পৃথক কোনো কক্ষ নেই। এসব কেন্দ্রে তাদের যৌন হয়রানির ঝুঁকি বাড়ে। তিনি বলেন, দুর্যোগের সময় গঠিত মেডিকেল টিমে সাধারণত নারী চিকিৎসক থাকেন না বলে দুর্যোগকবলিত নারীরা বিশেষ স্বাস্থ্যসেবা নিতে পারেন না।

একাধিক আলোচক বলেন, ঋতুকালীন ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে আসা কিশোরীদের বিড়ম্বনা সবচেয়ে বেশি। এসব কেন্দ্রে যে সাহায্য-সহায়তা দেওয়া হয়, তার মধ্যে স্যানিটারি ন্যাপকিন রাখার সুপারিশ করেছেন তাঁরা।

স্বাগত বক্তব্যে প্ল্যান বাংলাদেশের এদেশীয় প্রকল্প ব্যবস্থাপক সেলিনা আমিন বলেন, দেশের জনসংখ্যার এক-চতুর্থাংশ কিশোর-কিশোরী। এদের বয়স ১০ থেকে ১৯ বছরের মধ্যে। তিনি বলেন, সেবা পাওয়ার ক্ষেত্রে গ্রাম ও শহরের কিশোর-কিশোরীদের মধ্যে বৈষম্য আছে। দুর্যোগের সময় ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে আসা কিশোরীরা ঋতুকালীন পরিস্থিতি কীভাবে মোকাবিলা করে, তা বর্ণনাও করা কঠিন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবদুল ওয়াজেদ বলেন, ২০১২ সালের দুর্যোগ ব্যবস্থাপনা আইনে শিশু ও বৃদ্ধরা গুরুত্ব পেয়েছে। ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণবিষয়ক নীতিমালায় নারী, শিশু, বৃদ্ধ, প্রসূতি ও প্রতিবন্ধীদের বিষয় আছে। তবে কিশোরীদের বিষয়গুলো আলাদা করে স্থান পায়নি। তিনি বলেন, ১২টি জেলায় ১৬ হাজার স্বেচ্ছাসেবক আছেন, যাঁরা দুর্যোগের সময় কাজ করেন। তাঁদের এক-তৃতীয়াংশ নারী। কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে নারী স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দিয়ে কাজে লাগানো যেতে পারে।

কানাডার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা মোমেনা খাতুন বলেন, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যবিষয়ক কৌশলপত্র ২০০৬ সালে তৈরি হয়েছে। তবে কৌশলপত্র বাস্তবায়নে তেমন কোনো অগ্রগতি নেই। দুর্যোগে কৈশোর প্রজনন স্বাস্থ্য অধিকারের বিষয়টি কৌশলপত্রে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেন তিনি।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (এমসিএইচ সার্ভিস) মোহাম্মদ শরীফ জানান, কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে অধিদপ্তর সুনির্দিষ্ট কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি বলেন, যত দ্রুত সম্ভব দুর্যোগ পরিস্থিতিতে কৈশোর স্বাস্থ্য ওই কর্মসূচিতে অন্তর্ভুক্তির চেষ্টা করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাউন্সেলিং অ্যান্ড এডুকেশনাল সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম বলেন, নারীর অসহায়ত্বকে গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়। এতে নারী আরও অসহায় হয়ে পড়ে, উঠে দাঁড়াতে পারে না। গণমাধ্যমের এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। তিনি বলেন, জনসচেতনতা বাড়াতে কিশোর-কিশোরী বা ছেলে-মেয়েদের বিষয়ে মা-বাবাদের নিয়ে দেশব্যাপী নিয়মিত কর্মশালার আয়োজন করা দরকার।

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের জ্যেষ্ঠ কর্মসূচি কর্মকর্তা মোজাহারুল ইসলাম খান বলেন, দেশে ৬৮ শতাংশ কিশোরীর বিয়ে হয় ১৮ বছর বয়স হওয়ার আগে। এদের প্রজনন স্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে হলে কোথায় সঠিক তথ্য পাওয়া যাবে তা জানাতে হবে। আর সংশ্লিষ্ট কর্মসূচিগুলোর সঙ্গে অভিভাবকদেরও সম্পৃক্ত করা জরুরি।

মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ হোসেন বলেন, পরিবারে ও সমাজে এখনো নারীকে, কিশোরীকে বোঝা ভাবা হয়। স্বাভাবিক অবস্থায় কিশোরীর স্বাস্থ্য পরিবারে ও সমাজে প্রাধান্য পায় না। তিনি বলেন, পরিস্থিতি বদলাতে মনোজগতে পরিবর্তন দরকার। দরকার কিশোর-কিশোরীবান্ধব দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি।

এটিএন বাংলার বার্তা সম্পাদক শাহনাজ মুন্নী বলেন, বৈষম্যহীন, নিরাপদ প্রজনন স্বাস্থ্যের জন্য অবাধ তথ্যপ্রবাহ দরকার। সাংবাদিকেরা ‘স্পর্শকাতর’ বা ‘নিষিদ্ধ’ (ট্যাবু) এসব ধারণা নিয়ে বার্তা দেওয়ার বা শব্দ ব্যবহারের সময় দ্বন্দ্বে ভোগেন। এ ক্ষেত্রে অবস্থান স্পষ্ট করা উচিত। তিনি বলেন, দুর্যোগ পরিস্থিতিতে অসহায়ত্বের সুযোগ যেন কেউ নিতে না পারে, সে জন্য স্থানীয় সরকার ভূমিকা রাখতে পারে।

তবে দুর্যোগে কিশোরীদের ওপর দীর্ঘ মেয়াদের প্রভাবের কথা উল্লেখ করেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) সহযোগী বিজ্ঞানী কামরুন নাহার। তিনি বলেন, দুর্যোগের কারণে দরিদ্র মানুষ আরও দরিদ্র হয়। বাল্যবিবাহের শিকার হয় দরিদ্র পরিবারের কিশোরী। অন্যদিকে অনেকে উপকূল থেকে ঢাকা শহরে চলে আসে। তারা বস্তিতে আশ্রয় নেয় এবং নগর দারিদ্র্যের দুষ্ট চক্রে আটকে যায়।

প্ল্যান বাংলাদেশের ব্যবস্থাপক (ডিজেস্টার রিস্ক ম্যানেজমেন্ট) জিনাত আরা বেগম বলেন, দুর্যোগের আগে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া থাকলে ঝুঁকি অনেক কমে যায়, ঝুঁকি মোকাবিলা সহজ হয়। তিনি বলেন, ঝুঁকির মানচিত্র বা কর্মসূচি তৈরির সময় কিশোর-কিশোরীদের মতামত নেওয়া দরকার।

বেসরকারি প্রতিষ্ঠান ইন্টারভিডার জাতীয় সমন্বয়কারী মো. জসিমউদ্দিন কবির বলেন, দুর্যোগে অনেকে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে, মানসিক আঘাত পায়। সহায়তা কর্মসূচিতে এদের জন্য মানসিক চিকিৎসার ব্যবস্থা থাকা দরকার।

প্ল্যান বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টা ইখতিয়ার উদ্দিন খন্দকার বলেন, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে যৌন হয়রানি বা কোনো ধরনের আঘাতের প্রভাব থেকে যায় সারা জীবনের জন্য। দুর্যোগ মোকাবিলা পরিকল্পনা বা কর্মসূচিতে এদের বিষয়গুলো তাই অন্তর্ভুক্ত হওয়া জরুরি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রমজান আলী বলেন, প্রতিটি হাসপাতাল কীভাবে আরও নারীবান্ধব করা যায়, সরকার সে চেষ্টা করছে। তিনি বলেন, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলো আরও আধুনিক করা প্রয়োজন।

প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় বৈঠকে আরও বক্তব্য দেন প্ল্যান বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক সাঈদা নবিন আরা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্ল্যানের পর্যবেক্ষণ ও মূল্যায়ন কর্মকর্তা মো. নূরুল ইসলাম।

প্রায় আড়াই ঘণ্টার এই গোলটেবিল বৈঠকে একাধিক আলোচক বলেন, সরকারের একক কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের পক্ষে দুর্যোগ মোকাবিলা করা সম্ভব নয়। দুর্যোগ ও ত্রাণ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, মহিলাবিষয়ক মন্ত্রণালয়সহ বেসরকারি প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অনেকে সুপারিশ করেন, ত্রাণসামগ্রীর মধ্যে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীও রাখা দরকার।