দুর্যোগে ক্ষতিগ্রস্ত কেউ গৃহহীন থাকবে না

প্রাকৃতিক দুর্যোগে গৃহহারা কোনো ব্যক্তি গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি গৃহহীন ব্যক্তিকে ঘর দেবেন। কেউ না খেয়ে থাকবে না।
আজ মঙ্গলবার বিকেলে দিনাজপুরের বিরলে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিনাজপুর-২ আসনের সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুর্গত মানুষের পাশে সেনাবাহিনী, বিজিবিসহ আওয়ামী লীগের সব নেতা-কর্মী আছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্যোগ মোকাবিলায় বিশ্বে রোল মডেল। সব প্রতিকূলতা মোকাবিলা করে দেশ এগিয়ে যাবে। প্রাকৃতিক দুর্যোগে গৃহহারা কোনো ব্যক্তি গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি গৃহহীন ব্যক্তিকে ঘর দেবেন। কেউ না খেয়ে থাকবে না।
এর আগে সকালে উপজেলা প্রশাসন ও দলীয়ভাবে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে শোক র্যালি পৌর শহর প্রদক্ষিণ করে। র্যালি শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম রওশন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন খালিদ মাহমুদ চৌধুরী। উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এম এ লতিফ, সম্পাদক এ কে এম মোস্তাফিজুর রহমান, সহসভাপতি রিয়াজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মেজবাউল হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার রহমান আলী এবং বিরল সরকারি কলেজের উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ।
শেষে প্রধান অতিথি একই মঞ্চে শোক দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার এবং যুব ঋণের চেক বিতরণ করেন।