দুর্যোগে ক্ষতির পরিমাণ কমানোর কৌশল বের করার তাগিদ সাবেরের

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী বলেছেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দুর্যোগ মোকাবিলায় উন্নতি করতে হবে এবং দুর্যোগের ক্ষতির পরিমাণ কমিয়ে আনার কৌশল বের করতে হবে।
জাপানের সেন্দাইতে অনুষ্ঠিত জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি কমানোসংক্রান্ত তৃতীয় বিশ্ব সম্মেলনে গতকাল শুক্রবার আইপিইউর প্রেসিডেন্ট এ কথা বলেন। বিশ্বের বিভিন্ন দেশের আইনপ্রণেতা ও নীতিনির্ধারক এই সম্মেলনে অংশ নিয়েছেন।
সাবের হোসেন চৌধুরী বলেন, এ বছরের মধ্যেই টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা এবং জলবায়ুর পরিবর্তনসংক্রান্ত বিষয়ে সাফল্য দেখাতে হবে। দিন দিন দুর্যোগের তীব্রতা বাড়ছে। দুর্যোগে ক্ষতির পরিমাণ যাতে কমিয়ে আনা যায়, জাতীয় ও স্থানীয় পর্যায়ে সেই সক্ষমতা অর্জনে সাংসদের ভূমিকা রাখতে হবে। এ জন্য শক্তিশালী করতে হবে স্থানীয় সরকারব্যবস্থাকে।
২০১৪ সালে আইপিইউর ১৩০তম আন্তর্জাতিক সম্মেলনের ঘোষণাপত্রে বিশ্বব্যাপী দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় সাংসদের করণীয় বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে।
সম্মেলনের এই অধিবেশনে সূচনা বক্তব্য দেন জাপানের আইনসভার সদস্য শুনিচি সুজুকি।