দুর্যোগে প্রতিবন্ধীদের সুরক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক ও মানুষের তৈরি দুর্যোগ অনেক মানুষকে প্রতিবন্ধী করে। আবার দুর্যোগের সময় প্রতিবন্ধী মানুষেরা থাকে সবচেয়ে অবহেলিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা হোসেন বলেছেন, দুর্যোগকালে এসব প্রতিবন্ধী ব্যক্তির সুরক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি।
গতকাল শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকিবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে সায়মা হোসেন এসব কথা বলেন। তিন দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)। এতে সহায়তা করেছে জাতীয় প্রতিবন্ধী ফোরাম এবং জাতিসংঘের ইউনাইটেড ন্যাশনস অফিস ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন (ইউএন-আইএসডিআর)।
উদ্বোধনী পর্বে মূল বক্তব্য উপস্থাপনায় ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি অন অটিজমের চেয়ারপারসন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্যবিষয়ক এক্সপার্ট অ্যাডভাইজরি প্যানেলের সদস্য সায়মা হোসেন বলেন, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানুষের তৈরি দুর্যোগেও প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন ধরনের ঝুঁকির মধ্যে থাকতে হয়। এ ধরনের পরিস্থিতিতে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি। প্রস্তুতি বা পরিকল্পনা না থাকলে দুর্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা দেওয়া সম্ভব নয়। দুর্যোগের পর বেঁচে থাকা মানুষের মানসিক আঘাতের বিষয়েও গুরুত্ব দিতে হবে।
সায়মা হোসেন বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের যে অভিজ্ঞতা আছে, তার ভিত্তিতে পরিকল্পনা করতে হবে। পরিকল্পনায় মা, শিশু, প্রবীণদের বিষয় অন্তর্ভুক্ত করতে হবে।
সম্মেলনের উদ্বোধনী পর্বের সভাপতি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম দুর্যোগ ব্যবস্থাপনায় বিনিয়োগ বাড়ানোর বিষয়টিতে গুরুত্ব দেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী এ সম্মেলনের উদ্বোধন করেন। বাংলাদেশের ৫৫০ জন প্রতিবন্ধী ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং ২২টি দেশের ৩৯ জন প্রতিনিধি বিভিন্ন কর্ম-অধিবেশনে অংশ নেন।
উদ্বোধনী পর্বে অংশ নেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট স্কুল ফর গ্লোবাল ইনক্লুশন অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টের সহকারী অধ্যাপক ভেলেরি লিন কার, ইউএন-আইএসডিআরের প্রধান (অ্যাডভোকেসি অ্যান্ড আউটরিচ সেকশন) জেরি ভেলেসকুজ এবং জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি সাইদুল হক।