দুর্যোগে ভরসা ছিল কৃষি রেডিও
ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে বরগুনার আমতলী উপজেলার বিদ্যুৎ সরবরাহ গত বুধবার সন্ধ্যা থেকে বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার সকালে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ে উপকূলে। বিদ্যুৎহীন আমতলীতে বুধবার রাত নামার সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে আতঙ্ক বাড়তে থাকে। রেড ক্রিসেন্টের কর্মীরা মাইকে সতর্কবার্তা প্রচার করতে থাকলে প্রত্যন্ত এলাকার মানুষ ছুটতে থাকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে।আরেক দল মানুষ ছুটছিল খবরের পেছনে। বিদ্যুৎ না থাকায় কোনো মাধ্যম থেকেই খবর পাচ্ছিল না তারা। সে সময় মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আমতলীর কৃষি রেডিও। বাংলাদেশের একমাত্র সরকারি কমিউনিটি রেডিও। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত তারা একটানা ঘূর্ণিঝড়ের হালনাগাদ তথ্য ও সংবাদ প্রচার করে।আমতলীর বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্যোগের ওই দুই দিন তাঁরা কৃষি রেডিওর সতর্কবার্তা শুনেই যাবতীয় ব্যবস্থা নিয়েছেন। অনেকে মুঠোফোনে সরাসরি প্রশ্ন করে তথ্য সংগ্রহ করেছেন। চাওড়া কালীবাড়ির হাফিজ উদ্দিন জানিয়েছেন, টেলিভিশনের সংবাদ দেখতে পাননি। তাই কৃষি রেডিওর ওপরই ভরসা করেছিলেন। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি আমতলীর দায়িত্বরত উপপরিচালক আসাদুজ্জামান খান বলেন, উপজেলার উত্তরাংশের সাতটি ইউনিয়নে সতর্কবার্তা প্রচারের উপকরণ ছিল না। ঘূর্ণিঝড়ের হালনাগাদ তথ্য কৃষি রেডিওর মাধ্যমে প্রচার করা হয়েছে।