কক্সবাজারে ‘দুর্যোগ সময়ে মৃতদেহ ব্যবস্থা’ শীর্ষক কর্মশালা
দুর্যোগে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা জরুরি
বড় বড় প্রাকৃতিক দুর্যোগে অসংখ্য মানুষ প্রাণ হারায়। দুর্যোগে মৃত ব্যক্তিদের লাশ অনেক ক্ষেত্রে শনাক্ত না করেই সমাহিত করা হয়। কিন্তু একজন ব্যক্তি মারা গেলে তার পরিবারের প্রত্যাশা থাকে স্বজনের মৃতদেহ পাওয়া। তাই যেকোনো দুর্যোগে মানুষ মারা গেলে সমাহিত করার আগে মৃতদেহের পরিচয় শনাক্ত করা প্রয়োজন।
গতকাল সোমবার কক্সবাজারের একটি হোটেলে ‘দুর্যোগ সময়ে মৃতদেহ ব্যবস্থাপনা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অরদিন্দু শেখর। বিশেষ অতিথি ও প্রশিক্ষক ছিলেন আইসিআরসির আঞ্চলিক ফরেনসিক সমন্বয়ক জোস পাবলু বারাইবার, আইসিআরসি বাংলাদেশের সুরক্ষা কর্মকর্তা রোকসানা জাহান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাশেদুজ্জামান মন্ডল।
কর্মশালায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তা, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সরকারি-বেসরকারি ১৬টি সংস্থার ৩৫ জন প্রতিনিধি অংশ নেন।
কর্মশালায় জোস পাবলু বারাইবার বলেন, বড় প্রাকৃতিক দুর্যোগের সময় একজন ব্যক্তির পরিচয় শনাক্ত না করেই সমাহিত করা হয়। এখন থেকে মৃতদেহের পরিচয় শনাক্ত করতে হবে। এ জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
রোকসানা জাহান বলেন, আইনগত ও মানবিক উভয় কারণেই মৃতদেহ শনাক্তকরণ গুরুত্বপূর্ণ। এই কর্মসূচির মাধ্যমে মৃতদেহের বৈজ্ঞানিক শনাক্তকরণ পদ্ধতি সম্পর্কে সবাই জানবে। তিনি বলেন, কোনো নিখোঁজ ব্যক্তি যখন মারা গিয়েছেন বলে ধরে নেওয়া হয়, তখন দুটি সম্পূরক অনুসন্ধান-প্রক্রিয়া অনুসরণ করা উচিত। একটি হলো, নিখোঁজ ব্যক্তির পরিবার বা বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই ব্যক্তির অবস্থানের ব্যাপারে অনুসন্ধান করা। পরে ফরেনসিক পরীক্ষা করা।
রাশেদুজ্জামান মন্ডল বলেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে জনগণ জানতে পারবে একটি মৃতদেহের পরিচয় শনাক্ত করা কতটা দরকার।
অরদিন্দু শেখর বলেন, মৃতদেহ সমাহিত করার আগে পরিচয় শনাক্ত করতে হবে। তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা তৈরিতে বিশেষ কর্মসূচি নিতে সুপারিশ করা হবে।