দুর্যোগে যারা এগিয়ে আসে তাদেরই দেখার কেউ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৩১ মার্চ, জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। প্রাকৃতিক দুর্যোগপ্রবণ উপকূলীয় পটুয়াখালীতেও দিবসটি পালিত হয়। কিন্তু এখানে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) আগাম কোনো প্রস্তুতি নেই বললেই চলে। যারা দুর্যোগের সময় সবার আগে বিপদগ্রস্ত মানুষের পাশে ছুটে যায়, সেই সিপিপির স্বেচ্ছাসেবকদের আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা নেই, যন্ত্রপাতির অধিকাংশই অকেজো পড়ে আছে।প্রতিবছরই উপকূলীয় এলাকায় কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে। মানুষের পক্ষে এই দুর্যোগ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তবে প্রাক্-প্রস্তুতি গ্রহণের মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকটা কমিয়ে আনা সম্ভব। আর এ লক্ষ্যে ১৯৭২ সালের জুলাইয়ে সিপিপির কার্যক্রম শুরু হয় এবং জেলার গলাচিপা, কলাপাড়া ও দশমিনা—এই তিন উপজেলায় তাদের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সরেজমিনে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিপিপির কার্যক্রম শুধু ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসনির্ভর হয়ে পড়েছে। দুর্যোগ-পরবর্তী সময়েতাদের কোনো কাজ থাকে না। এ অবস্থায় প্রাকৃতিক দুর্যোগে তাদের আগাম প্রস্তুতির কার্যক্রম অনেকটা নিরুৎসাহিত করে ফেলে।২০০৫ সালের পর থেকে সিপিপির স্বেচ্ছাসেবকদের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ এখানে ছয় হাজার ১৫ জন স্বেচ্ছাসেবক আছেন। রেড ক্রিসেন্ট সোসাইটির সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী সিপিপিকে অপারেশনাল কর্মসূচি বাস্তবায়নে সহায়তা দেওয়ার কথা।কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের সিপিপির দলনেতা মেসবাহ উদ্দিন বলেন, দুর্যোগের সময় জীবন বাজি রেখে কাজ করলেও পরে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন-কাজে রেড ক্রিসেন্ট সোসাইটি তাদের সম্পৃক্ত করে না।গলাচিপার বড় বাইশদিয়া ইউনিয়নের দলনেতা আসাদুজ্জামান ক্ষোভের সঙ্গে জানান, কাজের স্বীকৃতি না থাকায় তাঁরা নিরুৎসাহিত হয়ে পড়ছেন। তাঁরা নির্ভর হয়ে পড়েছেন ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসের ওপর।কলাপাড়া সিপিপির কনিষ্ঠ সহকারী পরিচালক মুন্সি নুর মোহাম্মদ জানান, স্বেচ্ছাসেবকদের সরঞ্জাম-সংকটসহ রেড ক্রিসেন্ট সোসাইটির উদাসীনতায় ঘূর্ণিঝড়ের আগে তেমন কোনো প্রস্তুতি থাকে না। তিনি আরও জানান, সিডরের পর বেসরকারি সংস্থা সেইভ দ্য চিলড্রেন তাদের সহায়তায় এগিয়ে এসেছে। ২৫ মার্চ পাঁচটি ইউনিয়নে স্বেচ্ছাসেবকদের মধ্যে বেশ কিছু সরঞ্জাম বিতরণ করা হয়েছে।রেড ক্রিসেন্ট পটুয়াখালী ইউনিটের কর্মকর্তা ইকবাল মাসুদ প্রথম আলোকে বলেন, সিপিপির স্বেচ্ছাসেবকেরা দুর্যোগের আগমুহূর্তে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে। আর দুর্যোগ-পরবর্তী ত্রাণ ও পুনর্বাসনে রেড ক্রিসেন্ট কাজ করে। তবে রেড ক্রিসেন্ট ও সিপিপির মধ্যে সমন্বয় থাকলে দুর্যোগপূর্ব প্রস্তুতিটা ভালো হবে। এতে ক্ষয়ক্ষতি অনেকটা কমে আসবে।