দুর্যোগে ৫ বছরে বাস্তুহারা ৪০ লাখ মানুষ
২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাঁচ বছরে প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশের ৪০ লাখ মানুষ নিজের বাসস্থান থেকে অন্যত্র চলে গেছে বা বাস্তুচ্যুত হয়েছে। এতে এসব মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়েছে।
নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল ও অ্যাকশন এইড পরিচালিত ‘জনগোষ্ঠীর দুর্যোগ সহ্য করার ক্ষমতা ও দক্ষিণ এশিয়ার জনগণের দুর্যোগের কারণে বাস্তুচ্যুত হওয়া’ শীর্ষক এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। আজ শনিবার রাজধানীর একটি হোটেলে অ্যাকশন এইড বাংলাদেশ প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে প্রকাশ করে।
বাস্তুচ্যুত মানুষদের রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীভিত্তিক প্রস্তুতি বাড়ানো এবং দুর্যোগের ঝুঁকি হ্রাসে উদ্যোগ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রতিবেদনটিতে। এ জন্য স্থানীয় জনগোষ্ঠীর জন্য কৃষি ও গবাদিপশু পালন, তৈরি পোশাক শিল্প ও প্রবাসী আয়ের সঠিক ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে।
প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব শহিদুল হক বলেন, বৈশ্বিক পরিমণ্ডলে জলবায়ু পরিবর্তন এবং অভিবাসন সমস্যাকে আলাদাভাবে দেখা হয়। এই দুই সমস্যাকে যুক্ত করে দেখানোর ব্যাপারে বাংলাদেশ কাজ করছে।
শহিদুল হক বলেন, বাংলাদেশ আগামী বছরের শুরুতে একটি সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। এতে বিশ্বের রাষ্ট্রগুলো জলবায়ু পরিবর্তন এবং অভিবাসনের বিষয়টি কীভাবে যুক্ত করে নিজ নিজ দেশের পক্ষে সেই ব্যাখ্যা দেবে, এ ব্যাপারে একটি অভিন্ন সিদ্ধান্তে আসার চেষ্টা করবে।
অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট-এর পরিচালক সালেমুল হক বলেন, অভিবাসন ও বাস্তুচ্যুত হওয়ার বিষয়টি এখন আর স্থানীয় নয়, এটি বৈশ্বিক সমস্যা। বাংলাদেশের বেশির ভাগ অভ্যন্তরীণ অভিবাসনের ঘটনা জলবায়ু পরিবর্তনজনিত কারণে ঘটছে। এই মন্তব্য করে তিনি বলেন, আসন্ন প্যারিস জলবায়ু সম্মেলনে এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে তুলতে হবে।
অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, অভিবাসিত মানুষের জন্য পর্যাপ্ত সম্পদের জোগান ও নীতিমালা তৈরি এবং দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে শিক্ষার প্রসারের ওপরে গুরুত্ব দিতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে অভিবাসিত মানুষদের সম্মানের সঙ্গে অভিবাসীর হওয়ার ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব আছে বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে নরওয়েজিয়ান রিভিউজি কাউন্সিলের ডরিয়েন ব্রাম প্রতিবেদনটির সারসংক্ষেপ তুলে ধরেন। প্রতিবেদনের ওপরে বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজের (বিসিএএস) নির্বাহী পরিচালক আতিক রহমানসহ জলবায়ু বিষয়ক গবেষক ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা বক্তব্য দেন।