দুর্যোগের আগাম বার্তা পেতে সহযোগিতা পাবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্যোগের আগাম বার্তা পেতে বাংলাদেশ আন্তর্জাতিক সহায়তা পাবে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শুক্রবার রিজিওন্যাল ইন্টিগ্রেটেড মাল্টি হ্যাজার্ড আরলি ওয়ার্নিং সিস্টেমের (রাইমস) সম্মেলনে এই আশ্বাস পায় বাংলাদেশ। ওই সম্মেলন নিয়ে গতকাল দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বিশ্বের ২২টি দেশের দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রীদের এই সম্মেলনে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া যোগ দেন।
সম্মেলনে ভারতের পক্ষ থেকে বলা হয়, বন্যা ও পাহাড়ি ঢলের আগাম সতর্ক বার্তা-সংক্রান্ত নানা তথ্য দিয়ে রাইমসের সদস্যদেশগুলো বাংলাদেশকে সাহায্য করবে, যাতে দুর্যোগের মোকাবিলা সফলভাবে করা সম্ভব হয়। সম্মেলনে মায়া বলেন, ‘সমুদ্রে যারা মাছ ধরতে যায় তাদের আবহাওয়া-সম্পর্কিত নানা তথ্য দিয়ে আমরা সহায়তা করছি। এ বিষয়ে রাইমসের সদস্যদেশগুলোর অভিজ্ঞতাও বাংলাদেশ পেতে আগ্রহী।’
রাইমসের মন্ত্রী পর্যায়ের এটা দ্বিতীয় সম্মেলন।