জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, বর্তমান সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারছে না। দেশি-বিদেশি বিনিয়োগ কমে যাচ্ছে। গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। টেন্ডারবাজি বন্ধ করা যাচ্ছে না। এসব ঘটনা থেকে দেশের রাজনীতিতে দুর্যোগের আভাস পাওয়া যাচ্ছে। আর এ দুর্যোগ মোকাবিলায় মহাজোটভুক্ত সব দল এবং সব শ্রেণী-পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। নইলে দেশকে আর সামনে এগিয়ে নেওয়া সম্ভব হবে না। জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর মুক্তাঙ্গনে দলের এক সমাবেশে তিনি একথা বলেন। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি কাজী ফিরোজ রশীদের সভাপতিত্বে সভায় দলের মহাসচিব রহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য ও বিমানমন্ত্রী জি এম কাদের, জিয়াউদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য দেন। এরশাদ বলেন, বর্তমান সরকার গত দুই বছরে কৃষি ও খাদ্য ব্যবস্থাপনায় ব্যাপক সাফল্য অর্জন করেছে। কিন্তু গ্যাস-বিদ্যুৎ নিয়ে সংকট চরম আকার ধারণ করেছে। এ সমস্যা পুরোনো হলেও সমাধানের দায়িত্ব সরকারের। তাই সরকারকে যেকোনো মূল্যে এর সমাধান করতে হবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবনে দিশেহারা অবস্থা চলছে। এসব ব্যাপারে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষ অনেক আশা নিয়ে মহাজোটকে ভোট দিয়েছে। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও মানুষের আশা পূরণ করতে হবে।