দুর্যোগের আশঙ্কায় আধা পাকা ধান কাটছেন চাষিরা
শিলাবৃষ্টি ও ঝড়ের আশঙ্কায় বগুড়ার শিবগঞ্জের চাষিরা আধা পাকা ধান কাটছেন। অথচ আর কটা দিন গেলেই এসব ধান সোনারাঙা হতো। চাষিরা জানান, বোরো মৌসুমের প্রাথমিক অবস্থায় বীজসংকট দেখা দেয়। এ সংকট সামাল দিতে না দিতেই চারাসংকট প্রকট আকার ধারণ করে। এরপরই চাষিরা লোডশেডিং সমস্যায় পড়েন। আর এখন তাঁদের হতাশায় ফেলে দিয়েছে দমকা বাতাস আর শিলাবৃষ্টির আতঙ্ক। আবহাওয়ার খামখেয়ালিতে সিঁদুরে মেঘ দেখছেন চাষিরা। উপজেলার চকঝিনাহার গ্রামের তারা মিয়া গত ২ মে সকাল থেকে তাঁর দুই বিঘার বোরো কাটতে শুরু করেছেন। একই গ্রামের হাসিবুর রহমান দুদিন আগেই ধান কাটা শেষ করেছেন। তেঘরী গ্রামের সামছুল ইসলাম বলেন, এবার বাম্পার ফলন হয়েছে। আরও এক সপ্তাহ খেতে ধান রাখতে পারলে ভালো হতো। কিন্তু দমকা বাতাস বা শিলাবৃষ্টি হলে সর্বনাশ হয়ে যাবে। তাই তাড়াহুড়া করে ধান কাটতে হচ্ছে। জামুরহাট গ্রামের চাষি আলম মিয়া জানান, এক রকম যুদ্ধ করে এবার বোরো চাষ করতে হয়েছে। ফলন মার গেলে তাঁদের পথে বসতে হবে। তাই আগেভাগে ধান কাটা।