ব্র্যাকের কিশোরী-কিশোর সম্মেলন
দুর্যোগের ঝুঁকি ও বাল্যবিবাহ প্রতিরোধে কর্মপরিকল্পনার সুপারিশ

দুর্যোগের ঝুঁকি, জলবায়ু পরিবর্তন ও বাল্যবিবাহ প্রতিরোধে ঢাকায় ব্র্যাক আয়োজিত ব্যতিক্রমী দুই দিন ব্যাপী কিশোরী-কিশোর সম্মেলন আজ শনিবার শেষ হয়েছে। সাভারের ব্র্যাক সেন্টার ফর ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টে (সিডিএম) এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ১০০ কিশোর-কিশোরী অংশগ্রহণ করে।
সম্মেলনে বক্তারা দুর্যোগের ঝুঁকি মোকাবিলা ও বাল্যবিবাহ প্রতিরোধে জেলা অনুযায়ী পৃথক কর্মপরিকল্পনা করার ওপর গুরুত্বারোপ করেন। সম্মেলন থেকে নতুন ঘোষণাপত্র পড়ে শোনানো হয় এবং সেই আঙ্গিকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে অংশগ্রহণকারীরা।
দুর্যোগের ঝুঁকি হ্রাস, জলবায়ু পরিবর্তন ও বাল্যবিবাহ প্রতিরোধে কিশোরী ও কিশোরদের সচেতনতা আনতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় পর্যায়ে ব্র্যাকের কিশোরী-কিশোর সম্মেলন ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকার ও ইউনিসেফের সহযোগিতায় ব্র্যাকের দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন (ডিএমসিসি) ও কিশোর-কিশোরী উন্নয়ন কর্মসূচি (এডিপি) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।
সমাপনী দিনে অনুপ্রেরণামূলক আলোচনায় কিশোরী-কিশোররা গল্প শোনায়। এ ছাড়া পরিবেশ সচেতনতায় কিশোরী-কিশোররা নিজ নিজ এলাকা থেকে আনা শস্য, সবজি, ফলদ ও ঔষধি গাছের বীজ বিনিময় করে। সাভার সিডিএম চত্বরে ফলদ, সৌন্দর্যবর্ধক, ঔষধিসহ বিভিন্ন গাছ সম্পর্কে পরিচিতি তুলে ধরেন বিশেষজ্ঞরা।
অনুষ্ঠানের প্রথম দিন, শুক্রবার বক্তব্য দেন ব্র্যাকের দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন কর্মসূচির পরিচালক গওহার নঈম ওয়ারা, শিক্ষা কর্মসূচির পরিচালক শফিকুল ইসলাম, নারীপক্ষের সাবেক সভাপতি অ্যাডভোকেট হাবিবুন্নেসা, ইউনিসেফ প্রতিনিধি জামিল হাসান, ইউএনডিপি প্রতিনিধি পালকি আহমেদ, জেন্ডার স্পেশালিস্ট শীপা হাফিজা, ব্র্যাক ডেইরির পরিচালক আনিসুর রহমান প্রমুখ।
অতিথিরা কিশোরী-কিশোরদের বিকাশের পথে সম্ভাব্য চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন।
প্রসঙ্গত, ৫ ও ৬ অক্টোবর কুমিল্লায় প্রথম বিভাগীয় কিশোরী-কিশোর সম্মেলন-২০১৬ অনুষ্ঠিত হয়। ১৭ ও ১৮ অক্টোবর বরিশালে এবং বগুড়ায় ২৩ ও ২৪ অক্টোবর সম্মেলন অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।