দুর্যোগের ঝুঁকি নিরসনে বেসরকারি খাতের ভূমিকা নিয়ে রংপুরে কর্মশালা
রংপুরে গত বুধবার ‘জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি নিরসনে প্রাইভেট সেক্টরের ভূমিকা’ শীর্ষক একটি কর্মশালা হয়েছে। কেয়ার বাংলাদেশের প্রডিউস প্রকল্প এই কর্মশালার আয়োজন করে। আরডিআরএসের বেগম রোকেয়া মিলনায়তনে আয়োজিত কর্মশালার মূল উপস্থাপক সেন্টার ফর গ্লোবাল চেঞ্জ-এর প্রধান গবেষক আহসান ইউ আহম্মেদ বলেন, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় সরকারের সঙ্গে বেসরকারি খাতসহ অন্যান্য সেবাদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের সমন্বিত ও কার্যকর ভূমিকা পালন অত্যন্ত জরুরি।কর্মশালায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন প্রডিউস প্রকল্পের টিম লিডার শেখর ভট্টাচার্য, কেয়ারের সৌহার্দ্য প্রকল্পের সুব্রত কুমার সাহা, রংপুর শিল্প ও বণিক সমিতির পরিচালক হাবিবুর রহমান, আজিজুল ইসলাম, ফজলুল হক, আবুল কাশেম, রবি সোমানী, প্রাণ গ্রুপের আঞ্চলিক ব্যবস্থাপক একরামুল হক প্রমুখ। কর্মশালায় রংপুর শিল্প ও বণিক সমিতির প্রতিনিধি এবং বিভিন্ন বেসরকারি ব্যবসাপ্রতিষ্ঠানের উদ্যোক্তারা অংশ নেন।