গত ছয় বছরে দুর্যোগের ঝুঁকি ব্যবস্থাপনার প্রাকৃতিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক সূচকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আরও অবনতি হয়েছে। ঝুঁকি ব্যবস্থাপনায় ডিএনসিসি অবকাঠামোগত দিক থেকে মোটামুটি সক্ষম হলেও প্রাতিষ্ঠানিকভাবে একেবারেই দুর্বল।
‘বাংলাদেশের শহরাঞ্চলে সমাজভিত্তিক দুর্যোগের ঝুঁকি হ্রাসে সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক কর্মসূচির আওতায় ডিএনসিসি এলাকার দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনার সক্ষমতা পরিস্থিতি নিয়ে সমীক্ষা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এ বিষয়ক প্রতিবেদন প্রকাশ করা হয়। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় ডিএনসিসি ও সিডস এশিয়া এই সমীক্ষা করেছে।
শহরের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনার সক্ষমতা সূচকের পাঁচটি মানদণ্ড রয়েছে। এগুলো হলো প্রাকৃতিক, সামাজিক, প্রাতিষ্ঠানিক, অবকাঠামোগত ও অর্থনৈতিক। সক্ষমতা সূচকের পাঁচটি মানদণ্ডের মধ্যে দুটিতে উন্নতি হলেও তিনটিতে অবনতি হয়েছে। তবে সূচকে সার্বিকভাবে কিছুটা উন্নতি হয়েছে ডিএনসিসির।
প্রতিবেদনে বলা হয় ডিএনসিসির দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনার সক্ষমতা ২ দশমিক ৫২। সক্ষমতা সূচকের সর্বোচ্চ মান ৫, তবে এর মান ৪-এর ওপরে হলে তা উচ্চ মানসম্পন্ন বলে বিবেচিত হয়।
২০১৬ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত ডিএনসিসি ৩৬টি ওয়ার্ডে জরিপ চালায়। প্রশ্নোত্তরের মাধ্যমে পরিচালিত জরিপে অংশ নেন জনপ্রতিনিধি ও সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, গত ছয় বছরে ডিএনসিসির অবকাঠামোগত সূচকে বেশি উন্নতি হয়েছে। ছয় বছর আগে যা ছিল ২ দশমিক ৯০, যা ২০১৬ সালে এসে দাঁড়িয়েছে ৩ দশমিক ৩৭।
তবে প্রাতিষ্ঠানিক সক্ষমতায় বেশ পিছিয়ে আছে ডিএনসিসি। এর কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ার্ডভিত্তিক আপত্কালীন ব্যবস্থাপনা না থাকা, প্রাতিষ্ঠানিক সমন্বয়হীনতা, আগাম সতর্ক ব্যবস্থা না থাকা, ওয়ার্ড পর্যায়ে দুর্যোগের মহড়া অনুষ্ঠিত না হওয়া এবং সুশাসনের অভাবে পিছিয়ে পড়েছে ডিএনসিসি।
ডিএনসিসির পাঁচটি অঞ্চলের মধ্যে উত্তরা অঞ্চলের দুর্যোগ সক্ষমতা বেশি আর মিরপুর অঞ্চলের সক্ষমতা সবচেয়ে কম। এর কারণ হিসেবে প্রতিবেদনে উত্তরা এলাকার বিদ্যুৎ, পানি ও পয়োনিষ্কাশন সুবিধা, প্রশস্ত সড়ক এবং বাসিন্দাদের সচেতনতাকে তুলে ধরা হয়েছে।
গতকাল প্রতিবেদনের প্রকাশনা অনুষ্ঠানে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্যোগ মোকাবিলায় যে সক্ষমতার অভাব রয়েছে তা মেনে নেন। তাঁদের বক্তব্যে প্রাতিষ্ঠানিক দুর্বলতা, সামাজিক সচেতনতার অভাবের বিষয়গুলো উঠে আসে।
মেয়র আনিসুল হক বেলন, সড়ক বাতি লাগানো, নালা পরিষ্কার ও সড়ক সংস্কারে কাউন্সিলর ও সিটি করপোরেশন ব্যস্ত। সচেতনতা কার্যক্রম কম, সমন্বয় কীভাবে হবে সেটাও ঠিক নেই। ভূমিকম্পসহ প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ হতে পারে, এটি ভুলে গেলে চলবে না।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে তত্ত্বাবধায়ক প্রকৌশলী তারিক বিন ইউসুফ, জাইকার প্রতিনিধি তাকাতোশি নিশিকাতা, সিড এশিয়ার বোর্ড চেয়ারম্যান রাজিব শ প্রমুখ।