দুর্যোগের ঝুঁকিতে নোয়াখালীর দুই ইউনিয়নের লক্ষাধিক মানুষ
দুর্যোগের ঝুঁকিতে নোয়াখালীর হাতিয়া উপজেলার হরনি ও চানন্দি ইউনিয়নের বিভিন্ন চরের লক্ষাধিক বাসিন্দা। গত এক দশকের বেশি সময়ে ওই সব চরে জনবসতি গড়ে উঠলেও একমাত্র বয়ারচর ছাড়া অন্য চরগুলোতে নির্মিত হয়নি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র। ফলে উপকূল অভিমুখী ঘূর্ণিঝড় ‘মহাসেন’ নিয়ে আতঙ্ক বিরাজ করছে চরের বাসিন্দাদের মধ্যে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত ইউনিয়ন দুটির বয়ারচর, চেয়ারম্যানঘাট, ইসমাইলপুর, নঙ্গলিয়ারচর, নলেরচর, মোর্শেদ বাজার, ভূমিহীন বাজার ও আশপাশের এলাকার লোকজনের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। এ সময় স্থানীয় বিভিন্ন বাজারে ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতার দুটি পতাকা উড়তে দেখা গেলেও এ নিয়ে প্রশাসনের অন্য কোনো প্রচারণা চোখে পড়েনি।
কথা হয় মেঘনা তীরবর্তী ইসমাইলপুর এলাকার নুর মোহামঞ্চদের সঙ্গে। তিনি বলেন, ‘তুপান আইব বলি হুইনছি টেলিভিশনের খবরে। বাজারে দুইয়ান পতাকা উডাইছে। কিন্তুক কতক্কনে তুপান আইব কইতাম হাইরতাম ন। আল্লায় আঙ্গোরে রাইখলে থামু, না অইলে কপালে যা অইবার তা অইব।’নলেরচরের বাসিন্দা জমসেদ হোসেন বলেন, ‘আঙ্গো এই চরে কোনো সেল্টার নাই। আমরা কোনাই যায়ুম। আল্লায় কপালে যা রাইখছে তা অইব, বেকের যেই গতিক, আঙ্গোও হেই গতিক। আমরা আল্লার দিকে চাই রইচি, আল্লায় যদি আঙ্গোরে রক্ষা করে।’
অন্যদিকে এ দুটি ইউনিয়নের মধ্যে একমাত্র হরনির বয়ারচরে ছয়টি আশ্রয়কেন্দ্র রয়েছে। তবে সেগুলোতে গতকাল বিকেল চারটা পর্যন্ত ঝুঁকিপূর্ণ চরগুলো থেকে কোনো লোকজনকে নিরাপদ আশ্রয়ে আনা হয়নি। সরেজমিনে দেখা যায়, বয়ারচর বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে তালা ঝুলছে। সরকারি-বেসরকারি সংস্থার কোনো প্রতিনিধিও নেই সেখানে। রেড ক্রিসেন্ট সোসাইটির স্থানীয় বয়ারচর ইউনিটের সভাপতি মুসফিকুর রহমান বলেন, আশ্রয়কেন্দ্রে লোক আনার বিষয়ে তাঁদের কাছে কোনো নির্দেশনা নেই। তবে আশ্রয়কেন্দ্রগুলো এবং ১৫০ জন স্বেচ্ছাবেসবকে প্রস্তুত রাখা হয়েছে।জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলামের কাছে প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার সমন্বয়ে পৃথক কমিটি গঠন করে দেওয়া হয়েছে। ২৪৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি এলাকায় মাইকে দুর্যোগের সংবাদ প্রচার করা হচ্ছে। এ সময় তাঁকে মাইকে কোনো ধরনের প্রচার হচ্ছে না জানানো হলে তিনি বিষয়টির খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন বলে উল্লেখ করেন।