দুর্যোগের ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক দুর্যোগের কারণে বিশ্বের যে ১০টি দেশের অর্থনীতি সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়তে পারে, বাংলাদেশ এগুলোর মধ্যে একটি। ঝুঁকি নিয়ে গবেষণা কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান ম্যাপলক্রফট গতকাল বুধবার এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশের অর্থনীতি সর্বোচ্চ ঝুঁকিতে পড়তে পারে। প্রাকৃতিক দুর্যোগের যে নেতিবাচক প্রভাব অর্থনীতির ওপর পড়বে, তার ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক ম্যাপলক্রফটের দ্বিতীয় ন্যাচারাল হ্যাজার্ড রিস্ক এটলাসের ওই প্রতিবেদনে অর্থনীতি প্রাকৃতিক দুর্যোগের সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে—এমন ১০টি দেশের নাম উল্লেখ করা হয়েছে। তালিকায় বাংলাদেশ ছাড়াও এশিয়ার ফিলিপাইন, মিয়ানমার, ভারত ও ভিয়েতনামের নাম রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বন্যা, ভূমিকম্প, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে এসব দেশের শহর ও ব্যবসায়িক কেন্দ্রগুলো ঝুঁকিতে রয়েছে। আবার এ অবস্থা কাটিয়ে ওঠার ক্ষেত্রেও দেশগুলোর সক্ষমতা কম। এ কারণে দেশগুলোর ব্যবসা ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। পাশাপাশি অবকাঠামোগত ক্ষতিও সাধিত হতে পারে।ম্যাপলক্রফটের গবেষণায় আরও দেখানো হয়েছে, এই পরিস্থিতি এসব দেশে সামাজিক অস্থিরতা, খাদ্যনিরাপত্তা, দুর্নীতি এবং আইনের শাসনও ঝুঁকিতে ফেলতে পারে; এমনকি রাজনৈতিক ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে।ম্যাপলক্রফটের সহকারী পরিচালক হেলেন হজ বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে বিভিন্ন ধরনের দুর্যোগের ঝুঁকি রয়েছে। আর দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা কম হওয়ায় দেশগুলোর আর্থিক ও উৎপাদন কারখানাগুলো ঝুঁকিতে পড়ছে। এ কারণে সামগ্রিক অর্থনীতিতে তার প্রভাব পড়ছে।