দুর্যোগের ঝুঁকিতে লাখো মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ের পর দুর্যোগের ঝুঁকি থেকে কক্সবাজারের মহেশখালীর মানুষকে রক্ষা করতে ৮৩টি আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়। এরই মধ্যে তিনটি আশ্রয়কেন্দ্র পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ৪৩টি ব্যবহারের অনুপযোগী। এ ছাড়া, ২৫ কিলোমিটার বাঁধ দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি। পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র না থাকা ও বাঁধ সংস্কার না হওয়ায় উপজেলার লাখো মানুষ দুর্যোগের ঝুঁকি নিয়ে বসবাস করছে।
১৯৯১ সালের ওই ঘূর্ণিঝড়ে মহেশখালী উপজেলার কমপক্ষে ১০ হাজার মানুষ মারা যায়।
বর্তমানে মহেশখালী উপজেলায় চার লাখ মানুষের বসবাস। সংশ্লিষ্টরা বলছেন, জনসংখ্যার অনুপাতে আশ্রয়কেন্দ্রের সংখ্যা কম।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, মাতারবাড়ী ইউনিয়নের তিতামাঝির পাড়া, হংশ মিয়াজিরপাড়া ও রাজঘাট আশ্রয়কেন্দ্রের বিভিন্ন জায়গায় ফাটল ধরছে। এ ছাড়া, দরজা ও জানালা ভেঙে গেছে।
হংশ মিয়াজিরপাড়ার বাসিন্দা নুরুল আলম বলেন, ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পর বড় ধরনের দুর্যোগ থেকে এলাকার মানুষকে রক্ষা করার জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়। কিন্তু স্থাপনের পর থেকে এসব আশ্রয়কেন্দ্র রক্ষণাবেক্ষণ ও সংস্কার না হওয়ায় বর্তমানে অনেকগুলো কেন্দ্র ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।
ধলঘাটার সাপমারার ডেইল এলাকার স্বাস্থ্যকর্মী গিয়াস উদ্দিন বলেন, এই এলাকার বেড়িবাঁধও সংস্কার করা হয়নি। এতে দুর্যোগের ঝুঁকিতে আছে দ্বীপের লাখো মানুষ।
ধলঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহসান উল্লাহ বলেন, জনসংখ্যার তুলনায় আশ্রয়কেন্দ্রের সংখ্যা অতিনগণ্য। এ ছাড়া, এলাকায় যেসব আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে, তা দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি। এতে আশ্রয়কেন্দ্রের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ আনোয়ারুল নাসের বলেন, দুর্যোগের ঝুঁকি থেকে রক্ষা করতে এই এলাকায় আরও দুটি আশ্রয়কেন্দ্র নির্মাণের কাজ চলছে। তিনি জানান, পরিত্যক্ত তিনটি ও ব্যবহারের অনুপযোগী ৪৩টি আশ্রয়কেন্দ্র সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লেখা হয়েছে।