দুর্যোগের ধ্বংসাবশেষ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কর্মশালা
দুর্যোগের ধ্বংসাবশেষ ব্যবস্থাপনার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারত্ব প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ। সাভারে ভবনধসের ঘটনার পর যুক্তরাষ্ট্রের কাছ থেকে এ ব্যাপারে অভিজ্ঞতা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত কর্মশালায় এ উদ্যোগের জন্য বাংলাদেশকে সাধুবাদ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। তিনি ‘অকল্পনীয় বিষয় নিয়ে ভাবনা’র জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান। দুর্যোগের ধ্বংসাবশেষ ব্যবস্থাপনার বিষয়ে আগামী মাসে দুই দেশ প্রথমবারের যৌথ মহড়ায় অংশ নিচ্ছে।
মার্কিন সেনাবাহিনীর সহায়তায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় গতকাল এ কর্মশালার আয়োজন করে। বড় ধরনের ভূমিকম্প হলে দুর্যোগ মোকাবিলায় কী ধরনের পরিকল্পনা ও প্রস্তুতি দরকার, তা নিয়ে কর্মশালায় আলোচনা হয়েছে। কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ বিশ্বের জন্য এখন একটি মডেল। এখন আমরা ত্রাণ গ্রহণকারী দেশ হিসেবে নিজের পরিচয় পাল্টে দিয়ে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত দেশ হিসেবে নিজেদের গড়ে তুলছি। দুর্যোগ মোকাবিলায় নিজেদের আমরা যত বেশি ভালোভাবে তৈরি করতে পারব, আমাদের ত্রাণের প্রয়োজনও সেভাবে কমতে থাকবে।’ মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে বর্তমানে সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনায় ঢাকায় বড় ভূমিকম্প হলে শত শত টন ধ্বংসাবশেষ সরানোর বিষয়টি অন্তর্ভুক্ত নেই।