দুর্লভ ঘড়ঘড়ি হাঁস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রূপভুঁই কান্দা বিলে ভাসমান পুরুষ ঘড়ঘড়ি হাঁস। টাঙ্গুয়ার হাওর থেকে তোলা ছবি l লেখক
রূপভুঁই কান্দা বিলে ভাসমান পুরুষ ঘড়ঘড়ি হাঁস। টাঙ্গুয়ার হাওর থেকে তোলা ছবি l লেখক

বিরল ও দুর্লভ পাখির খোঁজে ছয়জনের টিম নিয়ে টাঙ্গুয়ার হাওরে এসেছি। লেইছামারা বিলের পাশের গোলাবাড়ি আনসার ক্যাম্পে চলে এলাম রাত্রিযাপনের জন্য। রাতে নৌকায় শুয়ে ক্যামেরায় বিকেলের তোলা ছবিগুলো দেখছিলাম এবং হঠাৎই একটি ছবিতে চোখ আটকে গেল। উড়ন্ত এক জোড়া রাঙামুড়ি হাঁসের পেছনে একটি দুর্লভ হাঁস, যাকে বহুদিন ধরে খুঁজছি। হাঁসটিকে প্রথম দেখি ১৯৯৬ সালে বাগেরহাটের ফকিরহাটে পাখি বিক্রেতাদের হাতে।
পরদিন সকালে লেইছামারার উদ্দেশে রওনা হলাম। লেইছামারায় ঢোকার আগে রূপভুঁই কান্দা বিলে এক জোড়া হাঁসকে ভেসে বেড়াতে দেখলাম। নৌকা ঘুরিয়ে ফাইলা ঘাস ও নলখাগড়ায় আচ্ছাদিত বিলের এক চিলতে চরে নামলাম। ক্যামোফ্লেজ পোশাকে খালি পায়ে সামনে এগোচ্ছি। এরা বেশ চালাক। যতই ক্যামোফ্লেজ করি না কেন, কীভাবে যেন টের পেয়ে যায়, উড়ে গিয়ে দূরে বসে। ২৫-৩০টি হাঁসের একটি ঝাঁককে ভেসে বেড়াতে দেখলাম। কাছ থেকে ছবি তোলার আশায় যেই না নলখাগড়া থেকে বেরিয়েছি, অমনি পুরো ঝাঁক উড়াল দিল।
এরা হলো এ দেশের আবাসিক ঘড়ঘড়ি হাঁস ( Spot-billed Duck or Indian Spot-billed Duck)। মেটে হাঁস, পাতিহাঁস, বাইলে হাঁস বা মেটে দিঘেড়ি নামেও পরিচিত। Anatidae গোত্রের এ হাঁসের বৈজ্ঞানিক নাম Anas poecilorhyncha.
লম্বায় ৫৮-৬৩ সেন্টিমিটার এবং ওজনে হাঁসা ১ কেজি ২০০ গ্রাম থেকে ১ কেজি ৫০০ গ্রাম, হাঁসি ৭৯০ গ্রাম থেকে ১ কেজি ৩৫০ গ্রাম। দেহের পালক গাঢ় বাদামি, যার প্রান্ত হালকা। দেহে সুস্পষ্ট ছিট ও ঝিনুকের মতো ছোপ রয়েছে। ডানার ভেতরের কিছু পালক সবুজ ও কিছু পালকে সাদা পোঁচ রয়েছে। ঘাড়-গলা হালকা বাদামি, মাথার চাঁদি গাঢ় ও চোখে টানা দাগ। কালো ঠোঁটের আগা উজ্জ্বল হলুদ। চোখের সামনে ঠোঁটের দুদিকে দুটি লাল দাগ। পা ও পায়ের পাতা প্রবাল-লাল ও নখর কালো। হাঁসা ও হাঁসি দেখতে একই রকম হলেও হাঁসির ঠোঁটে লাল দাগ অস্পষ্ট।
ঘড়ঘড়ি হাঁস হ্রদ, জলাধার, নদীর পাড়, নলবন, আগাছাভরা স্বাদু পানির জলাভূমিতে জোড়ায় বা ছোট দলে বিচরণ করে। এককালে সারা দেশের বিভিন্ন জলাধারে প্রচুর সংখ্যায় ছিল। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে অল্পস্বল্প থাকলেও বেশ দুর্লভ। এরা সকাল ও সন্ধ্যায় সক্রিয় থাকে। অগভীর পানিতে সাঁতার কেটে বা মাথা ডুবিয়ে খাবার খোঁজে। জলজ উদ্ভিদ, মাছ, ব্যাঙ ইত্যাদি মূল খাবার। হাঁসা সচরাচর নিচু স্বরে এবং হাঁসি জোরে প্যাঁক-প্যাঁক স্বরে ডাকে।
জুলাই থেকে অক্টোবর প্রজননকাল। এ সময় জলাভূমির পাড়ের ঝোপঝাড়ের তলায় ডালপালা ও ঝরে পড়া পালক বিছিয়ে বাসা বানায়। হাঁসি সবুজে সাদায় মেশানো ৭-১২টি ডিম পেড়ে একাই তা দিয়ে ২৪-২৮ দিনে বাচ্চা ফোটায়।