দুর্লভ পাণ্ডুলিপি রক্ষার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা নগরের ঈশ্বর পাঠশালার রামমালা গ্রন্থাগারে রক্ষিত হস্তলিখিত দুর্লভ ও প্রায় ধ্বংসপ্রাপ্ত পাণ্ডুলিপি স্থায়ীভাবে সংরক্ষণের আহ্বান জানিয়েছেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস। গতকাল মঙ্গলবার সকালে তিনি ওই গ্রন্থাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, সংস্কৃতিমন্ত্রী রামমালা গ্রন্থাগারের ব্যাপারে অবগত আছেন। সরকার এ ধরনের পাণ্ডুলিপি সংরক্ষণে বদ্ধপরিকর।

১৭ জানুয়ারি রামমালা গ্রন্থাগারের দুর্লভ ও প্রায় ধ্বংসপ্রাপ্ত পাণ্ডুলিপি স্থায়ীভাবে সংরক্ষণের কাজ শুরু হয়। ব্রিটিশ লাইব্রেরি ও যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ কাজ শুরু হয়েছে। চলবে আগামী আগস্ট মাস পর্যন্ত। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব
বিভাগের অধ্যাপক ও বিশ্বখ্যাত প্রাচীন পাণ্ডুলিপিবিশারদ বেঞ্জামিন ফ্লেমিং এ প্রকল্পের প্রধান তত্ত্বাবধায়ক। এ দলে রয়েছেন টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আয়েশা ইরানি, শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থিবো দুবের ও বাংলা একাডেমির সহপরিচালক সাইমন জাকারিয়া।

সাইমন জাকারিয়া বলেন, গ্রন্থাগারে ১৭ জানুয়ারি এ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান হয়। এ সময় কুমিল্লা জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার ভৌমিক উপস্থিত ছিলেন। প্রকল্পটির মাধ্যমে এ গ্রন্থাগারের পাণ্ডুলিপিগুলো এখানেই সংরক্ষিত হবে।

বেঞ্জামিন ফ্লেমিং জানান, প্রকল্পের আওতায় এখানকার পাণ্ডুলিপিগুলোর সংক্ষিপ্ত পরিচিতিসহ একটি তালিকা করা হবে। একই সঙ্গে প্রায় ধ্বংসপ্রাপ্ত পাণ্ডুলিপিগুলো ডিজিটাল প্রযুক্তিতেও সংরক্ষণ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঈশ্বর পাঠশালা ও রামমালা ছাত্রাবাসের শিক্ষার্থীরা এ কাজে সহযোগিতা করছেন। এখানে প্রায় আট হাজার পাণ্ডুলিপি রয়েছে। এগুলোর কিছু তালপাতা, কিছু তুলোট ও কিছু আধুনিক কাগজে লেখা।

১৯১২ সালে রামমালা গ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়। ১৯৩০ সাল থেকে এখানে হাতে লেখা পাণ্ডুলিপি সংরক্ষণের কাজ শুরু হয়।