দুর্লভ পাহাড়ি কচ্ছপটি প্রাণে বেঁচে গেল
বিলুপ্তপ্রায় দুর্লভ পাহাড়ি কচ্ছপটি প্রাণে বেঁচে গেল। রাঙামাটি শহর থেকে উদ্ধারের পর ছেড়ে দেওয়া হলো বন বিভাগের কাপ্তাই জাতীয় উদ্যানে। দুই দফা উদ্ধারের পর এখন কচ্ছপটির স্থান হয়েছে কাপ্তাই জাতীয় উদ্যানের নিরাপদ জায়গায়। প্রথমে প্রথম আলো রাঙামাটি বন্ধুসভার সদস্যরা এবং পরে বন বিভাগ কচ্ছপটি উদ্ধার করে।পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হোসাইন মো. নিশাদ বলেন, পাহাড়ি এ কচ্ছপ বর্তমানে বিলুপ্তপ্রায়। কচ্ছপটিকে চাকমা আদিবাসীরা বলে মোনদুর (মোন মানে পাহাড়, দুর মানে কচ্ছপ)। এর বাংলা নাম কড়ি বা কাইট্যা, ইংরেজি নাম ইনডিয়ান রোফেড টারটেল।নিশাদ জানান, পুরুষ কচ্ছপটির বয়স ৪৫ থেকে ৫০ বছর। ওজন ১৬ কিলোগ্রাম, উচ্চতা সাড়ে আট ইঞ্চি, দৈর্ঘ্য ২০ ইঞ্চি, প্রস্থ সাড়ে ১৮ ইঞ্চি এবং চার ফুট ছয় ইঞ্চি গোলাকার। প্রথম আলো রাঙামাটি বন্ধুসভার সদস্য ননাবী চাকমা বলেন, ‘কয়েকজন আদিবাসী কচ্ছপটি কাউখালী উপজেলার বেতবুনিয়া থেকে ধরে গত রোববার দুপুরে রাঙামাটি শহরের বনরূপা বাজারে বিক্রি করতে নিয়ে আসে। আমি দুর্লভ কচ্ছপটি দেখতে পেয়ে বন্ধুসভার কয়েকজন সদস্যকে খবর দিই। পরে কচ্ছপটি বিক্রি করতে না দিয়ে ছেড়ে দিতে অনুরোধ করি। তারা রাজি না হওয়ায় তাৎক্ষণিকভাবে বন্ধুসভার সদস্যরা দুই হাজার আর ববিতা চাকমা নামের এক নারী দুই হাজার টাকা দিয়ে চার হাজার টাকায় কচ্ছপটি কিনে নিই। তারপর সেটি কাপ্তাই হ্রদে ছেড়ে দিই।’পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা ফরিদ আহমেদ ভূঁইয়া বলেন, ‘গতকাল দুপুরে রাজবন বিহারের পার্শ্ববর্তী রাজদ্বীপ এলাকায় একটি দুর্লভ কচ্ছপ পাওয়ার খবর পেয়ে উদ্ধার করি।’ এরপর কচ্ছপটি কাপ্তাই জাতীয় উদ্যানের গহিন বনে নিয়ে অবমুক্ত করা হয়। কচ্ছপটি এখন নিরাপদ বলে ফরিদ আহমদ ভূঁইয়া জানান।